চার গাঙচিল মানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কেপটাউনমহাসমুদ্র, মহা-সাগর কথাটা মুখ দিয়ে চট করে আসে না। ওতে যেন কেমন একটা দূরের ব্যাপার থাকে। সাগর-সমুদ্র এসব বলাই ভালো। তা ছাড়া কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামের পাশের আটলান্টিককেও অনেক আপন আপন মনে হয়। শান্ত, গভীর তার জল। আর ওই সাগর থেকে ঘরে পোষা চড়ুই পাখির মতো উড়ে উড়ে লোকালয়ে এসে পড়ে গাঙচিল। খাবার খুঁটে খায়, গায়ের ওপরও বসে পড়ার ভাব দেখায়। কিন্তু ধরতে তাদের পারবেন না। স্টেডিয়াম অঙ্গনে অজস্র গাঙচিল উড়ে আসছে। চারটি উড়ে এসে বসল সুইজারল্যান্ডের সাংবাদিক ভিনসেন্ট চাবোজের ল্যাপটপের ব্যাগের পাশে। নিশ্চয়ই খাবারের সন্ধানে। কিন্তু চাবোজ এর মধ্যে পেয়ে গেলেন একটি বার্তা, ‘দিস ইজ ফর ফোর্থ টাইম...ফোর্থ টাইম।’পরে খোলাসা করলেন সুইস সাংবাদিক। বিষয়টা সংখ্যাতাত্ত্বিক। জার্মানি চতুর্থবার বিশ্বকাপ শিরোপা জিততে চলেছে! সুইজারল্যান্ড একটা বহুভাষী, বহুজাতিক দেশ। ওখানে ফরাসি আছে, সুইস আছে, জার্মান আছে। তবে বিষয়টা ফুটবল হলে জার্মানির দিকেই ঝুঁকে পড়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ। চাবোজ তো জার্মানির জন্য পারলে প্রার্থনায় বসে যায়। হলুদ কার্ডের বেড়াজাল সেমিফাইনালে খেলতে দিচ্ছে না টমাস মুলারকে। এই নিয়ে কত তাঁর দুঃখ, ‘ভেবেছিলাম, ছেলেটা গোল্ডেন বুট জিতবে। কিন্তু সেমিফাইনাল না খেললে কি হবে? ওদিকে ভিয়া পাঁচ গোল করে বসে আছে।’ চাবোজ সুকৌশলেই ‘ছেলে’ কথাটা ব্যবহার করেছেন। মাত্র বিশ বছর বয়স। মুলার তো এখনো বাচ্চা ছেলেই। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সী পেলের ওই কাণ্ড-কীর্তির পর এত কম বয়সে বিশ্বকাপে এমন আলো ছড়াতে পেরেছে কেউ? মুলার নেই, তাই ক্লোসার ওপরই সব আলো। সেমিফাইনালে গোল পেলে টানা তিন বিশ্বকাপে পাঁচটি করে গোল করার কীর্তি হয়ে যাবে তাঁর। সেই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের রোনালদোকে। আর্জেন্টিনার বিপক্ষে গোল-উৎসবের সূচক মুলারের গোলটি বিশ্বকাপে জার্মানির ২০০তম। ক্লোসা ২টি ও ফ্রেডরিখ ১টি গোল করে পরে জার্মানির গোলসংখ্যা নিয়ে গেছেন ২০৩-এ। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক ব্রাজিলের পরেই এখন জার্মানির স্থান। ব্রাজিলের গোল ২১০টি। যেভাবে গণ্ডা গণ্ডা গোল দিচ্ছে জার্মানি, তাতে ফাইনাল শেষে ব্রাজিলকে তারা ছুঁয়েই ফেলে নাকি কে বলতে পারে! তবে আগে জার্মানিকে ফাইনালে উঠতে হবে। চাবোজ যেন দিব্যদৃষ্টি দিয়ে দেখছেন জার্মানি সেমিফাইনাল পেরিয়ে যাচ্ছে, ‘স্পেন ভালো দল। তবে আসল কথাটা হলো, জার্মানির বিপক্ষে সামান্য চাপে পড়লেই ওরা পালিয়ে যাবে। ২০০৮-এর ইউরো ফাইনাল দিয়ে এটা মেলানো যাবে না। সেই জার্মান দলের চেয়ে এই দল অনেক বেশি আত্মবিশ্বাসী। আর ওদের ফার্নান্দো তোরেস তো নেই।’এই তোরেস একটা বড় দুঃখ স্পেনের কাছে। তাঁর গোলেই জার্মানিকে হারিয়ে ৪৪ বছর পর ইউরো জিতেছিল স্পেন, এবার বিশ্বকাপে তোরেস যখন জার্মানির ঘুম কেড়ে নেবেন, তা না তাঁকে কয়েক মিনিট খেলার জন্য আকুতি জানাতে হচ্ছে। স্পেন কোচ দেল বস্ক একেবারেই বর্ণহীন তোরেসকে বেঞ্চে বসিয়ে রাখতে চান। কিন্তু লিভারপুল স্ট্রাইকার করুণ স্বরে আবেদন জানাচ্ছেন, কয়েক মিনিটের জন্য হলেও যেন তাঁকে নামানো হয়। সতীর্থদের সমর্থনও পাচ্ছেন তোরেস। যিনি তোরেসের অভাব ঢেকে প্রায় একার পিঠে বয়ে নিয়ে যাচ্ছেন স্পেনের ভার, সেই ভিয়া পর্যন্ত তাঁর পাশে, ‘ফার্নান্দো আমাদের সেরা স্ট্রাইকার। সে আস্তে আস্তে নিজেকে ফিরে পাচ্ছে। কে বলতে পারে, জার্মানির বিপক্ষে ও আরেকটা জয়সূচক গোল করবে না!’চাবোজ অবশ্য ‘নিশ্চিত’, স্পেন এবার জার্মানির কাছে নীরব হয়ে যাবে। ‘ইউরো বাদ দাও। বিশ্বকাপ আসল মঞ্চ, এখানে স্পেন কোনো দিন হারাতে পেরেছে নাকি জার্মানিকে?’ জার্মানির বা জার্মানপন্থী সাংবাদিকদের মুখের হাসিটা এখন খুব চওড়া। অথচ আজ থেকে ২২ দিন আগে জার্মানির এক সাংবাদিককে দেখে মায়া হয়েছিল। ব্রাজিল-উত্তর কোরিয়া ম্যাচের একটা টিকিটের জন্য তাঁর কী আবেদন-নিবেদন! অপেক্ষমাণ তালিকায় থেকেও টিকিট পাননি মিউনিখ জেইটুংয়ের মার্টিনা ফিলিপ। আমরা বাংলাদেশের সাংবাদিকেরা ফিফা কর্মকর্তা অ্যালেইন লিবল্যাংকে ধরে-টরে টিকিট ‘ম্যানেজ’ করে ফেললাম। জার্মান মেয়েটি তা পারল না। তখনই তাঁকে বলেছিলাম, ‘জার্মান সাংবাদিককে অবজ্ঞা করার প্রতিশোধ জার্মান ফুটবল দল ঠিকই নেবে, তুমি দেখে নিয়ো।’ মার্টিনা হেসেছিলেন, করুণ হাসি। আজ সেই মুখে নিশ্চয়ই হাসির ঝরনা ঝরছে।