পরশু পাকিস্তানের জয়ের পেছনে মূল ভূমিকা ছিল ইউনুস খানের ৭৩ রানের ইনিংসটির। এতে একটাই চার মেরেছেন এই ডানহাতি। ভুল করেছেন! একটিও চার না মারা সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে ঢুকে যেতে পারত তাঁর ওই ইনিংস। যেখানে সবার ওপরের নামটি অ্যাডাম প্যারোরের। নিউজিল্যান্ডের এই সাবেক উইকেটকিপার ১৯৯৪ সালে ভারতের বিপক্ষে ৯৬ রানের ইনিংসটায় চার-ছক্কা কিছুই মারেননি। আগের রেকর্ডটি ছিল জহির আব্বাসের ৮৪ রানের (১৯৮২ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে)। ১৯৮৮ সালে ইংল্যান্ডের কিম বারনেটও ৮৪ রান করার পথে কোনো চার-ছয় মারেননি। ডেসমন্ড হেইন্সেরও অপরাজিত ৭৬ রানের এমন একটি ইনিংস আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে টি-টোয়েন্টির এই যুগে এমন ধৈর্যের ইনিংস আছে কেবল দুজনের। ২০০৭ সালে হল্যান্ডের বিপক্ষে কানাডার আশিস বাগাই (৭৪)। গত বছর দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনিও ৭১ রান করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখানে বলে রাখা ভালো, ওয়ানডেতে এমন অনেক ইনিংস আছে যেগুলোর চার-ছয়ের হিসাব স্কোরকার্ডে নেই। ফলে এই রেকর্ডে বাদ রাখা হয়েছে সেই ইনিংসগুলো।