চার তরুণের ক্যারিবিয়ান চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরটা এখনো পেস বোলারসুলভ পোক্ত নয়। হাঁটাচলায় অস্বস্তি আর কথাবার্তায় অপরিপক্বতা ফুটে ওঠে প্রতি মুহূর্তে। প্রায়ই রাতে বিছানায় গিয়ে নিজেকে ভাবেন মোহাম্মদ আমির। পাকিস্তানি পেসারের মতোই গতি আর সুইংয়ে ব্যাটসম্যানদের নাজেহাল করেন কল্পনার জগতে। ভেতরের কথা মুখ ফসকে বলে ফেলতেই লাজুক হাসিতে মাথা নিচু করেন। মুস্তাফিজুর রহমানকে দেখলে প্রথম দর্শনেই আপনার মনে হবে, ‘বড্ড কাঁচা’৷
এই ‘কাঁচা’ ছেলেটিকেই আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ পাকা খেলোয়াড় ভাবছেন অনেকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ ‘এ’ দলে বড় চমক ১৮ বছর বয়সী এই বাঁহাতি পেসার। স্বপ্ন পূরণের পথে আরেকটু এগিয়ে যেতে আজ রাতে উড়াল দিচ্ছেন ক্যারিবিয়ার পথে। একই বিমানে সঙ্গী হবেন তাইজুল ইসলাম, নুরুল হাসান ও আবদুল মজিদ। ক্রিকেটার হিসেবে সবার ধরন আলাদা। তবে স্বপ্নটা একই—জাতীয় দলে খেলা৷
স্বপ্ন ছোঁয়ার দূরত্ব কারও কাছে, কারও দূরে। তাইজুল ইসলাম যেমন আজ যাচ্ছেন মাস দুয়েক পর আবার যাওয়ার লক্ষ্য নিয়ে! জুলাই-আগস্টে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। ‘এ’ দলের কোচ কোরি রিচার্ডসের ধারণা, আসছে সফরের টিকিট এ সফরে নিশ্চিত করবেন এই বাঁহাতি স্পিনার, ‘তাইজুল আধুনিক স্পিনারদের মতো রক্ষণাত্মক নয়। উইকেট শিকাির, অনেক ফ্লাইট দেয়। এর মধ্যেই ভবিষ্যৎ আন্তর্জাতিক তারকা বলে একটা পরিচিত গড়ে উঠেছে। আশা করি, ওর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাথেয় হবে এ সফর।’
‘এ’ দলের সফরে সবচেয়ে বেশি নজর থাকবে হয়তো তাইজুলের পারফরম্যান্সের দিকেই। চাপটা অনুভব করছেন ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার, ‘ঘরোয়া ক্রিকেটে যেভাবে সাফল্য পেয়েছি, সেভাবেই বল করতে চাই। সবার নজর থাকবে জানি। তবে জাতীয় দলে খেললে তো আরও চাপ থাকবে। সব ক্রিকেটারের মতো আমারও স্বপ্ন টেস্ট খেলা।’
মুস্তাফিজের আবির্ভাব বয়সভিত্তিক ক্রিকেট থেকে। কদিন আগে খেললেন বিসিএলের ফাইনাল, গত মাসে একটি ম্যাচ খেলেছেন জাতীয় লিগে। দুটি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট মাত্র দুটি। লিস্ট ‘এ’ বা টি-টোয়েন্টি খেলেননি, ঢাকার ক্লাব ক্রিকেট অভিজ্ঞতা বলতে তৃতীয় বিভাগে খেলা। তাঁর বোলিং নির্বাচকদের নজর কেড়েছে মূলত অনূর্ধ্ব-১৯ দলের খেলাতেই৷ শরীর পোক্ত না হলেও গতি ভালো, ইনসুইঙ্গারটা সহজাত। তবে এখনো পাড়ি দিতে হবে অনেকটা পথ। মুস্তাফিজও জানেন, ‘আরও বেশি ফিটনেস দরকার। পেস আরও বাড়াতে চাই। জিম-টিম নিয়মিত করলে, ভালো সুযোগ-সুবিধা পেলে বোলিং আরও অনেক ভালো হবে। জাতীয় দলে ঢোকা নিয়ে তাড়াহুড়ো নেই।’
ক্যারিবীয় সফরকে জাতীয় দলের পথে প্রথম সোপান ধরে নিচ্ছেন মজিদ। ময়মনসিংহের ছেলে ৬৯ গড়ে ৬৯০ রান করে এবারের জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ছাপ ‘এ’ দলেও রাখতে চান ২৩ বছর বয়সী ওপেনার, ‘বার্বাডোজের বাউন্সি উইকেটের জন্যই প্রস্তুতি নিয়েছি আমরা। ভালো করে জাতীয় দলে খেলতে চাই। তবে এমন নয় যে এখনই খেলতে হবে। পারফর্ম করতে থাকলে সুযোগ মিলবেই।’
ঘরোয়া ক্রিকেটে নুরুল হাসান বেশ পরিচিত নাম। তবে ধারাবাহিক পারফরম্যান্সে আলোয় এসেছেন এই প্রথম। প্রথম শ্রেণির ১০ ম্যাচে করেছেন ৭০৩ রান, ডিসমিসাল ৩০টি। অবশ্য জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম উইকেটকিপার-ব্যাটসম্যান হওয়ায় নুরুলের ভবিষ্যৎ নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। ২০ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানও লক্ষ্য ঠিক করেছেন বাস্তবতা বুঝেই, ‘মুশফিক ভাই থাকায় সুযোগ কম বা পাবই না, এসব ভাবি না। নিজের কাজ ঠিকঠাক করে যেতে চাই। কখনো যদি সুযোগ আসে, তখন যেন নিজেকে প্রস্তুত রাখতে পারি।’
‘এ’ দলের খেলা মানেই এমন, দলীয় লক্ষ্যের চেয়ে বড় ব্যক্তিগত অর্জনের প্রতিজ্ঞা। নজরকাড়া কিছু করে জাতীয় দলে ঢোকার চাবি পাওয়া।