ম্যাচ প্রিভিউ: আজ মুখোমুখি নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ; শ্রীলঙ্কা-ইংল্যান্ড
চার দলই ‘শেষ চারের’ সম্ভাবনায়
গ্রুপ-১ থেকে সেমিফাইনালে যাবে কোন দুটি দল? প্রশ্নটার উত্তর মিলবে আজই। সুপার এইটে জয়হীন নিউজিল্যান্ড ও এক ম্যাচ জেতা ওয়েস্ট ইন্ডিজ একটু বেশিই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে সুপার এইটে টানা দুই ম্যাচ জিতেও কিন্তু শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত নয়, নিশ্চিত নয় এক ম্যাচজয়ী ইংল্যান্ডও।মানে বাদ পড়ার শঙ্কা যেমন আছে, তেমনি চার দলেরই বেঁচে আছে সেমিতে ওঠার স্বপ্ন। তবে এটা ঠিক চাপের বোঝাটা নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ওপরই বেশি। এই দুই দলকে আজ শুধু জিতলেই হবে না, পাশাপাশি প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কা যেন ইংল্যান্ডকে হারিয়ে দেয়। নিউজিল্যান্ডের তহবিলে কোনো পয়েন্টই জমা নেই। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের দুটি করে পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজকে হারালে নিউজিল্যান্ডের ঝুলিতেও দুটি পয়েন্ট জমবে। সে ক্ষেত্রে পরের ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কার কাছে হারলে সেমিফাইনালের ভালো সম্ভাবনাই থাকবে কিউদের। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড—তিন দলেরই তখন পয়েন্ট হবে সমান ২। সে ক্ষেত্রে বিবেচনায় আসবে রানরেট। সেই রান রেটই আশা জাগাচ্ছে কিউইদের।প্রথম দুই ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের রানরেট ঋণাত্মক, -০.২৬৮। ওয়েস্ট ইন্ডিজের রান রেট এখনই তাদের চেয়ে খারাপ, -০.৬২১। ইংল্যান্ডও খুব সুবিধায় নেই, তাদের রানরেট -০.১১৫। এ অবস্থায় আজ জয়ী দল দুটির নাম যদি হয় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, তাহলে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের জন্য বাড়ির পথ ধরার সম্ভাবনাই বেশি। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেও নিউজিল্যান্ডের লাভ হবে না, যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ইংল্যান্ড। সে রকম হলে হেরেও ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা।কিন্তু যদি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দুই দলই হারে? সে ক্ষেত্রে তিন ম্যাচেই হেরে কিউইদের বিদায়ঘণ্টা তো বাজবেই, সঙ্গে শ্রীলঙ্কাকেও তাকাতে হবে রান রেটের খাতায়। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডেরও পয়েন্ট হয়ে যাবে শ্রীলঙ্কার সমান ৬। তখন রানরেটে এগিয়ে থাকা দল দুটিই পেয়ে যাবে সেমির টিকিট।এ তো গেল জয়-পরাজয়ের হিসাব। অন্য রকম একটা হিসাব-নিকাশও করতে হচ্ছে ড্যারেন স্যামি, রস টেলর, স্টুয়ার্ট ব্রডকে। বাড়তি এই ভাবনাটা তাঁদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে পাল্লেকেলের আকাশ। পাল্লেকেলেতে মাঝেমধ্যেই বৃষ্টি বাগড়া দিচ্ছে ম্যাচে। আজ দুটি ম্যাচের একটি যদি বৃষ্টিতে ধুয়ে যায়? নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের আগের ম্যাচটি, কিংবা শ্রীলঙ্কা-ইংল্যান্ড পরের ম্যাচটি? অথবা দুটিই? প্রথম ম্যাচটি ধুয়ে গেলে ইংল্যান্ডের জন্য ভালো। তখন শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই সেমিফাইনাল। পরের ম্যাচটি ধুয়ে যাওয়াটা হবে নিউজিল্যান্ডের জন্য বড় দুঃসংবাদ।সমীকরণের সব দিক থেকেই বেশি বেকায়দায় নিউজিল্যান্ড। চাপটাও তাই তাদের বেশি। এরই মধ্যে আবার অধিনায়ক রস টেলরকে ভাবতে হচ্ছে নিজের রানখরা এবং দলের ব্যাটিংঅর্ডার নিয়েও। ভাগ্যনির্ধারণী ম্যাচে এই নিউজিল্যান্ডকেই প্রতিপক্ষ হিসেবে পেয়ে ড্যারেন স্যামি যেন খুশি। ‘এই ম্যাচটা আমাদের জিততেই ম্যাচ। আমাদের জন্য ভালো দিক হলো, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব। মাত্রই আমরা ক্যারিবিয়ানে তাদের সঙ্গে খেলেছি। এই দলটি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে’—বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ওয়েবসাইট।