চার দলকেই ডাকছে ইতিহাস
আগের দিন প্রথমবারের মতো এশিয়ান কাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে উজবেকিস্তান। আগামীকাল দোহার আল-গারাফা স্টেডিয়ামে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ যারা, সেই অস্ট্রেলিয়ারও এশিয়ান কাপের সেমিফাইনালে পা রাখা এই প্রথম। পরশু কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরাককে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এই ইরাকই গত টুর্নামেন্টে নবাগত অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল।দুটি সেমিফাইনালই আগামীকাল। দ্বিতীয় সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। পরশু অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াও ১-০ গোলেই ইরানকে হারিয়ে গেছে শেষ চারে। উজবেকিস্তান-অস্ট্রেলিয়া—এই দুই দল মুখোমুখি বলে আগামীকালই এক দল এই ইতিহাস মুছে গড়ে ফেলবে প্রথমবার ফাইনালে খেলার ইতিহাসও। জাপান-দক্ষিণ কোরিয়ার সামনেও ইতিহাসের হাতছানি। যদিও সেই ইতিহাসটা গড়তে বা ছুঁতে দরকার শিরোপা।সৌদি আরব-ইরানের সঙ্গে সর্বোচ্চ তিনবার এশিয়ান কাপজয়ী জাপান (১৯৯২, ২০০০ ও ২০০৪ সালে)। দুবার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে দক্ষিণ কোরিয়া। যদিও সেই স্মৃতি এখন ধূসর। ১৯৫৬ ও ১৯৬০—এশিয়ান কাপের প্রথম দুই আসরেই শিরোপা জেতে দক্ষিণ কোরিয়া। তার পর থেকেই এশিয়ান কাপ মানে দক্ষিণ কোরিয়ানদের হতাশা। এবার তাদের সামনে তৃতীয় শিরোপা জিতে সৌদি আরব, ইরান ও জাপানের পাশে বসার সুযোগ। প্রথম দল হিসেবে চতুর্থ শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে জাপানকে।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যুদ্ধবিধ্বস্ত ইরাককে নিয়ে এবারও বিশেষ কৌতূহল ছিল মানুষের। সামর্থ্যের প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালেও উঠে এসেছিল তারা। সেখানেও সর্বস্ব ঢেলে চেষ্টা করেছে তারা। কিন্তু তাদের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দ্বিতীয়বার এশিয়ান কাপ খেলতে নামা অস্ট্রেলিয়া। নির্ধারিত সময় গোলশূন্য শেষ হওয়া ম্যাচে ইরাকিরা পরাজয় মেনেছে স্ট্রাইকার হ্যারি কেওয়েলের ১১৭ মিনিটের গোলে। ম্যাচ শেষে ইরাকি কোচ ওলফগ্যাং সিডকা বলেছেন, ‘আমাদের ভাগ্য খারাপ। অতিরিক্ত সময়েও আমরা অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছি, বেশি সুযোগ তৈরি করেছি।’দক্ষিণ কোরিয়াও ইরানকে হারিয়েছে অতিরিক্ত সময়ের গোলে। বদলি খেলোয়াড় ইউন বিত গা-র্যাম ১০৫ মিনিটে গোল করে দক্ষিণ কোরিয়াকে তুলে দেন সেমিফাইনালে। আগের চারটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুটি দল। চারবারের ফল ছিল ২-২। এবার জিতে এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া। এএফপি।