প্রস্তুতি ছাড়াই অনূর্ধ্ব-১৮ জুনিয়র এশিয়ান বাস্কেটবল টুর্নামেন্টে খেলতে নেমে প্রাপ্যটা পেল বাংলাদেশ। অনুমিতভাবেই চার দলের মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশের যুবারা। কাল শেষ দিনেও বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার কাছে। যদিও লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। বাংলাদেশকে ৬৪-৬০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
খেলার প্রথমার্ধে বাংলাদেশ ৩৯-১৭ পয়েন্টে শ্রীলঙ্কা থেকে এগিয়েছিল। শ্রীলঙ্কার তাহের ১৫ ও ব্রন্ট ১০ পয়েন্ট এবং বাংলাদেশ জামিল ১৬ ও তাহসিন ১৫ পয়েন্ট করেন।
ভারত শেষ ম্যাচে ১১৭-৪০ পয়েন্টে হারিয়েছে নেপালকে। এই জয়ে চ্যাম্পিয়ন হিসেবেই ইরানে চূড়ান্ত পর্বে খেলবে ভারত। টুর্নামেন্টের রানার্সআপ নেপাল, তৃতীয় শ্রীলঙ্কা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রাণ কনফেকশনারি লিমিটেডের বিপণন প্রধান এ কে এম মঈনুল ইসলাম মঈনসহ অন্যরা।