চার দলেরই পরীক্ষার রাত

নিজেদের মাঠে খেলা। হাতে আছে একটা অ্যাওয়ে গোল। তার পরও যদি বায়ার্নের জন্য ‘বাঁচা-মরার’ ম্যাচ হয়, তাহলে ইউনাইটেডের কাছে এটি কেমন ম্যাচ? অ্যাটলেটিকো মাদ্রিদের বিপেক্ষ বার্সেলোনার ম্যাচটাই বা কেমন?
গার্দিওলা যেন চার দলের প্রতিনিধি হয়েই বললেন কথাটা। আজ বাঁচা-মরার ম্যাচ তো চার দলের জন্যই। প্রথম লেগে দুটি ম্যাচই ১-১ ড্র হয়েছিল। বায়ার্ন-অ্যাটলেটিকোর জন্য সুবিধা, ড্রটা তারা করেছিল প্রতিপক্ষের মাঠে গিয়ে। অ্যাওয়ে গোল আর নিজেদের মাঠে খেলা বলে আজ তারা একটু হলেও এগিয়ে। ইউনাইটেড আর বার্সেলোনার জন্যই পরীক্ষাটা বেশি কঠিন।
তবে গার্দিওলা একটা বার্তাও যেন পৌঁছে দিতে পেরেছেন, চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখতে তাঁর দল মরিয়া। ইউরোপ-সেরা হওয়ার সরণিতে টিকে থাকতে ইউনাইটেডও ব্যাকুল। লিগ, কাপসহ আর সব শিরোপার সম্ভাবনাই শেষ। নিবু নিবু হলেও চ্যাম্পিয়নস লিগ স্বপ্নই শুধু বেঁচে আছে ইংলিশ পরাশক্তির। সেটা বাঁচিয়ে রাখার শেষ চেষ্টায় নামার আগে ইউনাইটেড তাকিয়ে রুনির দিকে। মঙ্গলবার প্রথম লেগে হালকা চোট পাওয়া রুনি শনিবার নিউ ক্যাসলের বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারেননি। তবে ইংলিশ ফরোয়ার্ড আজ খেলবেন বলেই খবর।
কিন্তু ইউনাইটেডের জন্য ভয়ের কারণ, গার্দিওলার বায়ার্ন প্রায় অপ্রতিরোধ্য। যদিও গত শনিবার লিগে ১৮ মাস পর হেরেছে বায়ার্ন। নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে খেলতে না পারা বায়ার্নের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের বিশ্বাস, ওই হার আজকের ম্যাচে কোনো প্রভাবই ফেলবে না। দান্তে উড়িয়ে দিয়েছেন ড্র-তত্ত্বও, ‘আমরা জয়ের জন্যই খেলব। গোলশূন্য ড্রয়ের জন্য খেললে শেষ পর্যন্ত আমরা হেরেও যেতে পারি।’
অ্যাটলেটিকো-বার্সা এ মৌসুমে মুখোমুখি হওয়া চার ম্যাচই ড্র। অ্যাওয়ে গোল আর এই ম্যাচটা নিজেদের মাঠে হলেও অ্যাটলেটিকো ভালো করেই জানে, বার্সেলোনা ছোবল মারবেই। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনির সবচেয়ে বড় শঙ্কা, চোট পাওয়া স্ট্রাইকার ডিয়েগো কস্তা হয়তো শেষ পর্যন্ত খেলতেই পারবেন না। প্রথম লেগে এই কস্তার গোলেই প্রথম এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। পরে নেইমারের গোলে সমতা ফেরায় বার্সা। এএফপি।
ইনিয়েস্তার ৫০০তম ম্যাচ নিয়ে জাভির আশা, ‘আমাদের হয়ে পার্থক্য গড়ে দিতে পারে নেইমার।’ মেসিকে বাদ দিয়ে হঠাৎই জাভির এই নেইমার-স্বপ্নের মালা গাঁথার কারণটাও অনুমেয়। মৌসুমের শুরুতে নেইমারের অ্যাওয়ে গোলের সুবাদেই অ্যাটলেটিকোর বিপক্ষে সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সা। মঙ্গলবার প্রথম লেগেও দলকে সমতায় ফিরিয়েছেন সেই নেইমার। বার্সা তারকার প্রিয় প্রতিপক্ষ যেন অ্যাটলেটিকো!