গ্যাবার আঁধার ঘনিয়ে আসা শেষ বিকেলে মিচেল জনসনের আরও একটা খুনে বল। জেমস অ্যান্ডারসন কোনো রকমে ব্যাট চালিয়ে ভাসিয়ে দিলেন বাতাসে। ফিরতি ক্যাচটা নিয়েই জনসন দে ছুট। মুখে হাসির ঝিলিক ফুটিয়ে পুরো অস্ট্রেলিয়া দলই ছুটল তাঁর পেছনে। অস্ট্রেলিয়ানদের এই আনন্দমিছিলটা ম্যাচের প্রতীকী ছবিও। অস্ট্রেলিয়ার বহুপ্রতীক্ষার এই জয়ের আসল নায়ক তো জনসনই!
সর্বশেষ ১০ টেস্টে এটাই অস্ট্রেলিয়ার প্রথম জয়! আগের ৯ টেস্টে জয়হীন। এর মধ্যে আছে ভারতের কাছে ৪-০-তে হোয়াইটওয়াশ এবং ইংল্যান্ডের কাছে ৩-০ অ্যাশেজ হারের লজ্জাও। অ্যাশেজের শেষ আট টেস্টে এটি প্রথম জয়।
টেস্টে জয় তাই ‘অতিজরুরি’ ছিল অস্ট্রেলিয়ানদের জন্য। ব্রিসবেনে ক্লার্কের দল সেটা পেল দাপটের সঙ্গেই। জয় ৩৮১ রানে। রানের হিসাবে অ্যাশেজের ইতিহাসে যা ষষ্ঠ বৃহত্তম এবং গ্যাবায় দ্বিতীয় বৃহত্তম জয়। লক্ষ্য ৫৬১ রানের। অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে ইংল্যান্ড তৃতীয় দিনেই ২৪ রানে খুইয়ে বসে ২ উইকেট।
ইংল্যান্ডকে বাঁচাতে পারত একমাত্র প্রকৃতিই। প্রকৃতি বাগড়া দিয়েছিলও। বৃষ্টি ও আলোকস্বল্পতায় কাল চতুর্থ দিনে খেলা বন্ধ ছিল দুই দফা। তাতে দুই ঘণ্টারও বেশি সময় চলে যাওয়ায় টেস্ট পঞ্চম দিনে গড়াবে বলেই মনে হচ্ছিল। কিন্তু হ্যারিস-জনসনদের ঝড়ে চতুর্থ দিনেই ম্যাচ শেষ। ইংল্যান্ড ১৭৯ রানে অলআউট। গ্যাবায় ২৪ বছর ধরে অস্ট্রেলিয়ার টেস্টে না হারার রেকর্ডটা থাকল অক্ষত।
অস্ট্রেলিয়ান বোলাররা আগুন ঝরিয়েছেন সকাল থেকেই। বিশেষ করে চা-বিরতির পর জনসন হয়ে ওঠেন আরও বিধ্বংসী। ফল, ৪ উইকেটে ১৪২ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া ইংল্যান্ড মাঠে ফিরে শেষ ৬ উইকেট হারায় ৩৭ রানে। গতির সঙ্গে অস্ট্রেলিয়ান পেসাররা দেখিয়েছেন বাউন্স আর সুইংয়ের প্রদর্শনী। ১২৩ বছর পর টানা চারটি অ্যাশেজ হারের শঙ্কা অস্ট্রেলিয়ার সামনে। জানাই ছিল মাঠ ও মাঠের বাইরে সৃষ্টি হবে অগ্নিগর্ভ পরিবেশ। ব্যাট-বলে আগুন ঝরানো পারফরম্যান্সের সঙ্গে অস্ট্রেলিয়ানরা মুখও চালিয়েছেন সমান ‘দক্ষতায়’। শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা অ্যান্ডারসনকে যেমন স্লিপে দাঁড়িয়ে উত্ত্যক্ত করতে লাগলেন ক্লার্ক ও বেইলি, ‘অ্যান্ডারসনের হাত ভাঙতে যাচ্ছে, না কবজি?’
দিনের শুরুটা অবশ্য ইংল্যান্ডের হয়েছিল ভালোই। দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন কাটিয়ে দেন ১৪.১ ওভার। এরপরই জনসনের আঘাত, ফেরান পিটারসেনকে। ক্যারিয়ারের শততম টেস্টে ব্যর্থ পিটারসেন। প্রথম ইনিংসে ১৮ রান, দ্বিতীয় ইনিংসে আউট ২৬ রানে। লাঞ্চের আগে আর কোনো ক্ষতি হয়নি। দ্বিতীয় সেশনেও ইংলিশরা হারায় ১ উইকেট, বেলকে ফেরান সিডল।
চা বিরতির পরের গল্পের শুরুটা নাথান লায়নের হাতে, অফস্পিনে ফেরান সবচেয়ে বড় কাঁটা হয়ে ওঠা কুক এবং প্রায়রকে। হ্যারিসের সহায়তায় বাকি কাজটুকু সেরেছেন জনসন, নিয়েছেন ৪২ রানে ৫ উইকেট। প্রথম ইনিংসে ৬১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচে ১০৩ রানে ৯ উইকেট। সঙ্গে ব্যাটিংয়ে ৬৪ ও অপরাজিত ৩৯। ম্যাচসেরা জনসনই। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ক্লার্কও আলাদা করে প্রশংসায় ভাসালেন জনসনকে, ‘শুরুটা হলো অসাধারণ। অসাধারণ কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছিল। বিশেষ করে মিচেল জনসনের।’ কুক যথারীতি কৃতিত্ব দিলেন অস্ট্রেলিয়ানদের, ‘দুটি কঠিন দিন গেল আমাদের। শুরুতে আমরা সত্যিই খুব ভালো অবস্থায় ছিলাম, আমরাও ভেবেছিলাম খুবই ভালো করেছি আমরা। কিন্তু হাডিন এবং জনসন যেভাবে খেলেছে কৃতিত্ব তাদের দিতেই হবে। এরপর ব্যাটিংয়ে আমাদের শুরুটা হলো বাজে এবং ওটাই আমাদের কাছ থেকে ম্যাচটিকে কেড়ে নিয়ে গেছে।’ স্টার স্পোর্টস ওয়ান ও ওয়েবসাইট।