
ইংলিশ ক্রিকেটের সময়ের ‘গোল্ডেন বয়’ তিনি। হাত দুটো তো সোনায় বাঁধানো হবেই! ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলেছেন। দিনটা তবু শুরু হয়েছিল খানিকটা আক্ষেপ দিয়ে। এত কাছে গিয়েও পেলেন না কাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরি। তবে আক্ষেপ লুকিয়ে যিনি নতুন প্রাপ্তি যোগ করেন, সত্যিকারের বিজয়ী তো তিনিই। জো রুটও আরেকবার বুঝিয়ে দিলেন, সময় এখন তাঁর। উসমান খাজা ও মাইকেল ক্লার্কের জুটিতে যখন খানিকটা প্রতিরোধ গড়ে তুলছে অস্ট্রেলিয়া, অ্যালিস্টার কুক বল তুলে দিলেন রুটের হাতে। ক্লার্ক তখন দারুণভাবে সামলাচ্ছিলেন সোয়ানকে, নড়বড়ে শুরুর পর খাজার ব্যাটেও খুঁজে পাওয়া যাচ্ছিল আত্মবিশ্বাস। কিন্তু খণ্ডকালীন বোলার রুটই যেন হঠার্যা করে হয়ে উঠলেন দুর্বোধ্য। বিশাল সব টার্নে নাকাল করলেন দুই ব্যাটসম্যানকেই। পরে আউট করে ছাড়লেন দুজনকেই! আর এই অলরাউন্ড পারফরম্যান্সেই লর্ডসের ম্যাচসেরা রুট। ম্যাচের ফলাফল নিয়ে সংশয় ছিল সামান্যই। প্রশ্ন ছিল একটাই—অস্ট্রেলিয়া ম্যাচটা শেষ দিনে নিতে পারবে কি না। ১৯২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলতেই উধাও সেটাই। কিন্তু এর পরই সিরিজের ধারা বজায় রেখে অস্ট্রেলিয়ার শেষ জুটির আরেকটি প্রতিরোধ পর্ব। প্যাটিনসন-হ্যারিস জুটিতে দিনটা প্রায় পারই করে দিয়েছিল অস্ট্রেলিয়া। অতিরিক্ত যোগ হওয়া আট ওভারের শেষ ওভারেই থেমে যায় প্রতিরোধ। সোয়ানের বলে ৩৫ রান করা প্যাটিনসন এলবিডব্লু হতেই ইংল্যান্ড মাতে উল্লাসে। অস্ট্রেলিয়াকে ২৩৫ রানে অলআউট করে ৩৪৭ রানের বিশাল জয়, পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ২-০ ব্যবধানে। অ্যাশেজের ইতিহাসে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকার পর সিরিজ জয়ের উদাহরণ আছে একটাই। ১৯৩৬-৩৭ মৌসুমে অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে করেছিল সেই কীর্তি। যথারীতি টপ-অর্ডারের ব্যর্থতায় শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ইনিংস। জেমস অ্যান্ডারসনের ভেতরে ঢোকা বলে আরও একবার এলবিডব্লু শেন ওয়াটসন। এলবিডব্লু হলেই রিভিউ চাওয়ার অভ্যাস আছে ওয়াটসনের। অস্ট্রেলিয়ার সান্ত্বনা, এবার আর রিভিউ নষ্ট করেননি তিনি। ক্রিস রজার্সের বুঝি আরেকবার খায়েশ হলো ‘ইউটিউবে’ জায়গা করে নেওয়ার, এবার বোল্ড হলেন সোয়ানের সোজা বল ছেড়ে দিয়ে। ওয়াটসনের ‘ঘাটতি’ পুষিয়ে হিউজ একটি রিভিউ নষ্ট করে যখন ফিরছেন, অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩৬!খাজার শুরুটা বলছিল, আরেকটি উইকেট কেবল সময়ের ব্যাপার। তবে সময়ের সঙ্গে নিজেকে কিছুটা খুঁজে পান দলে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান। ম্যাচে প্রথম ফিফটি জুটির দেখা পায় অস্ট্রেলিয়া। কিন্তু প্রয়োজন যখন অনেক বড়, জুটিটি গড়াল না তিন অঙ্কেও। পরের টেস্টে জায়গা পাকা করেই আউট খাজা, ক্লার্ক ফিরলেন অ্যাশেজে ১০ ইনিংসের ফিফটি-খরা কাটিয়েই। রুটের পর জোড়া আঘাত হানলেন ব্রেসনান, অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ফেলল ২০ রানের মধ্যে। সকালে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমেছিল শুধু রুটের ডাবল সেঞ্চুরিটা দেখতেই। কিন্তু ইনিংসজুড়ে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকা রুট কী মনে করে হঠার্যাই স্কুপ করতে গেলেন হ্যারিসকে। তাতে ‘মৃত্যু’র সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করলেন কুক। ১৮০ করেও রুট ড্রেসিংরুমে ফিরেছিলেন ম্লান মুখে। বিকেলে সেই রুটের হাসিতেই হাসছিল গোটা লর্ডস! ওয়েবসাইট।