চার দিনেই হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৭। ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে হারারে টেস্টের এক দিন বাকি থাকতেই হেরে গেল বাংলাদেশ।জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরেছে ৩৩৫ রানে। তবে এই হারটা ইনিংস ব্যবধানেও হতে পারত! প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ৩৮৯ রান। আর দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ করল ২৮১ রান, স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়েই ১০৮ রান কম। বাংলাদেশকে ফলোঅন করালে ইনিংস ব্যবধানেই জিতত জিম্বাবুয়ে।টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই। অথচ হারারেতে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৪৮৩ রান। জয়ের ব্যাপারটা বাদ দিলে ড্র করার সুযোগ ছিল। সে ক্ষেত্রে আজ ও কাল উইকেটে টিকে থাকতে হতো বাংলাদেশকে। কিন্তু আজই বাংলাদেশকে হার ‘উপহার’ দিলেন ব্যাটসম্যানরা।খাতা-কলমে জিম্বাবুয়ের কাছে হারলেও বাংলাদেশ আসলে হেরেছে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরের কাছে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮১ রান। অতিরিক্ত থেকে আসা ১৫ রান বাদ দিলে বাংলাদেশের ২২ ব্যাটসম্যান মিলে করেছেন ২৬৬ রান। অথচ দুই ইনিংসে টেলর একাই করেন ২৭৩ রান। প্রথম ইনিংসে ১৭১ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২। বাংলাদেশের ২২ ব্যাটসম্যানের করা রানের চেয়েও টেলর ৭ রানে এগিয়ে। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে অবশ্য ‘উন্নতি’ হয়েছে। ১৩৪ রানের পর ১৪৭। দলগতভাবে তো বটেই, ব্যক্তিগত নৈপুণ্যেও এগিয়েছেন ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। এটাকে ব্যাটসম্যানদের উন্নতি বলবেন না তো কী!দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান আসে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। দুই অঙ্কের ঘর স্পর্শ করা অন্য চার ‘সৌভাগ্যবান’ ব্যাটসম্যান হলেন জহুরুল ইসলাম (২২), শাহরিয়ার নাফীস (১১), মাহমুদউল্লাহ (২১) ও নাসির হোসেন (২৩)। জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন গ্রায়েম ক্রেমার। মাত্র চার রান খরচায় চারটি উইকেট শিকার করেন তিনি। আগের ইনিংসে চার উইকেট শিকার করা কেইল জার্ভিস নেন তিনটি উইকেট।৭ উইকেটে ১৮৭ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহে মাত্র ৪০ রান যোগ করেই নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। এর বেশি দরকারও ছিল না। কারণ ততক্ষণে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮৩ রান।