চার দেয়ালে বন্দী কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসে তাঁর পেছনে প্রায় পাঁচ হাজার ডলার খরচ। খরচটা বড় কথা নয়। তাঁকে যে কাজে আনা হয়েছে, সেই কাজ করার প্রয়োজনীয় রসদ তো দিতে হবে! কিন্তু রবার্ট রুবচিচকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে বাংলাদেশের ফুটবলের কঠিন বাস্তবতা। হতাশ জাতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ গুলশানে নিজের ফ্ল্যাটে টিভি দেখে সময় কাটাচ্ছেন! ইঙ্গিত দিয়ে দিয়েছেন, কুয়েতের সঙ্গে ম্যাচ শেষেই দেশে ফিরে যেতে পারেন।এটা কাল বিকেলের কথা। পরশু অনূর্ধ্ব-২৩ দলের ট্রায়াল ম্যাচ হওয়ার কথা ছিল কমলাপুর স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ বাতিল করেছেন রুবচিচ। কারণ, ক্যাম্পে ডাকা ২৮ খেলোয়াড়ের ছয়জনই আসেননি। এই ছয়জন শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়। বাংলাদেশ লিগের বিরতিতে ওই দিনটা কাজে লাগানোর পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল রুবচিচের। কিন্তু শেখ রাসেল খেলোয়াড় না ছাড়ায় প্রস্তুতি ম্যাচ বাতিল হলো। ক্লাবগুলোকে আগেই রুবচিচের পরিকল্পনা জানানো হয়েছিল। সে ক্ষেত্রে ক্লাব তার খেলোয়াড় না ছাড়লে আগেই জানাতে পারত। সেভাবেই পরিকল্পনা বদল করতে পারতেন কোচ। কিন্তু কোচ মাঠে এসে কেন দেখবেন, কোনো একটি দল খেলোয়াড় ছাড়েনি! এই অবস্থায় রুবচিচ এমনই মুষড়ে পড়েছেন যে এখন উত্তর খুজছেন, ‘এ কেথায় এসে পড়লাম!’খেলোয়াড়কে টাকা দেয় ক্লাব, ফেডারেশন নয়। কাজেই ক্লাবের অধিকার আছে চুক্তিবদ্ধ নিজের খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। এর পরও জাতীয় প্রয়োজনটাও দেখতে হয় ক্লাবকে। বাংলাদেশের ক্লাবগুলো জাতীয় প্রয়োজন দেখে না—এটা বলা অন্যায়। তবে প্রায়ই এটা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, যে কারণে সব বাদ দিয়ে কোচকে থাকতে হচ্ছে ঘরে বসে! রুবচিচের এই ক্যাম্পেই এর আগে শেখ জামাল ধানমন্ডি খেলোয়াড় ছাড়েনি। তারা যখন ছাড়ল, বেঁকে বসল আরেক দল!সমস্যা আসবে, কিন্তু বাফুফে শুধু শেখ রাসেলকে ‘শুষ্ক’ অনুরোধের মধ্য দিয়েই ‘দায়িত্ব পালন’ করে বসে আছে। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কাল জানিয়েছেন, পরশু রাতে রুবচিচ একটা চিঠি দিয়েছেন কমিটিকে। এতে তিনি কুয়েতের বিপক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ অলিম্পিক প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচের জন্য চার সপ্তাহ অনুশীলন ক্যাম্প করতে চেয়েছেন। বাদলের কথা, ‘আমরা এক মাসের জন্য বাংলাদেশ লিগ বন্ধ রাখার প্রস্তাব করব ফেডারেশনের কাছে। এ ছাড়া আর কী করার আছে?’এখন কথা হচ্ছে, কোচ ঘরে ঢুকে যাওয়ার পর বাফুফে কী করছে? কাল বিকেলে ফেডারেশন ভবনে গিয়ে দেখা গেল এ নিয়ে কোনো তৎপরতা নেই। ভবন অনেকটা শূন্য। কর্তাদের বিদেশ ভ্রমণের তোড়জোড় চলে, কিন্তু জাতীয় কোচ ঘরে ঢুকে পড়ার পরও ফেডারেশনের নীতিনির্ধারকদের বিশেষ হেলদোল দেখা যায় না। তাঁরা ফেডারেশনে আসেন না। ক্লাবগুলোর সঙ্গে বসে একটা সমাধান যে করা দরকার, ক্লাবের কথা শুনে কীভাবে সামনে এগোনো যায়, তা নিয়ে বাফুফে ভাবে না।বাফুফে নাকি সভায় বসে একটা উপায় খুঁজবে। সভাটি কবে হবে, কোচ চাকরি ছেড়ে দেশে ফিরে গেলে?