চার নতুনে বায়ান্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদের লোগো
জাতীয় ক্রীড়া পরিষদের লোগো

আন্তর্জাতিক সাফল্য বিবেচনায় ক্রীড়াবিশ্বে বাংলাদেশের অবস্থান প্রায় ‘আণুবীক্ষণিক’। এখনো কোনো অলিম্পিক পদক জিততে না-পারা সবচেয়ে জনবহুল দেশ বাংলাদেশ। তবে এ দেশে সরকারি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা রীতিমতো বিস্ময়কর।
দেশে স্বীকৃত ক্রীড়া ফেডারেশন আছে ৩৪টি, অ্যাসোসিয়েশন ১৪টি। স্পেশাল অলিম্পিকস, গ্রামীণ খেলাধুলা, সেপাক টাকরো ও চুকবল নামে চারটি ক্রীড়া অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদের স্বীকৃতি চেয়ে আবেদন করেছে। শিগগিরই এগুলো স্বীকৃতি পেতে যাচ্ছে।
ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, কাবাডি, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, টেনিস, জিমন্যাস্টিকস, বক্সিং, দাবা, রেসলিং, শুটিং স্পোর্ট, বাস্কেটবল, ব্যাডমিন্টন, রোইং, সাইক্লিং, ভারোত্তোলন, শরীরগঠন, হ্যান্ডবল, জুডো, কারাতে, স্কোয়াশ র‍্যাকেটস, রোলার স্কেটিং, তায়কোয়ান্দো, খো খো, আর্চারি, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার, ক্যারম, গলফ, রাগবি, ব্রিজ, মহিলা ক্রীড়া সংস্থা ও বধির ক্রীড়া সংস্থা—বাংলাদেশে স্বীকৃত ক্রীড়া ফেডারেশন এই ৩৪টি।
স্বীকৃত ১৪টি অ্যাসোসিয়েশন হলো মার্শাল আর্ট কনফেডারেশন, বাশাআপ, ঘুড়ি, উশু, ফেন্সিং, বেসবল-সফটবল, প্যারা অলিম্পিক, আন্তর্জাতিক তায়কোয়ান্দো, কিকবক্সিং, বেসবল, ইয়োগা, ব্যুত্থান, মাউন্টেনিয়ারিং ও সার্ফিং। ফেডারেশনগুলোর কার্যক্রম সারা দেশে বিস্তৃত। অ্যাসোসিয়েশনগুলো নবীন ও কম প্রচলিত খেলার বলে দেশজুড়ে বিস্তৃত নয়। অ্যাসোসিয়েশনগুলো তাই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বার্ষিক আর্থিক মঞ্জুরি বা সরকারি সহায়তা কম পায়।
গত বছরের ৩১ মে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদকে প্রধান করে গঠিত স্বীকৃতির সুপারিশ প্রণয়ন কমিটি সেপাক টাকরোকে শর্তপূরণ সাপেক্ষে অ্যাসোসিয়েশন হিসেবে স্বীকৃতি দিতে সুপারিশ করে। গ্রামীণ খেলাধুলা, চুকবল ও স্পেশাল অলিম্পিকসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে বলে ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে।
দীল মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সরকারি স্বীকৃতি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। এই খেলাগুলো সেসব শর্ত পূরণ করেছে কি না, তা আগে যাচাই করে দেখা হবে।

স্পেশাল অলিম্পিকস
বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ যুবাদের খেলা পরিচালনা করে থাকে স্পেশাল অলিম্পিকস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতোই বহু খেলা-সমন্বিত

ক্রীড়া সংগঠন এটি। স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশ অনেক আগে থেকেই বিশ্বমঞ্চ থেকে পদক জিতে আনছে। সরকারি আনুকূল্যও পেয়ে আসছে সংগঠনটি। এটির বর্তমান চেয়ারম্যান ডা. শামীম মতিন এবং ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম।
গ্রামীণ খেলা
দাঁড়িয়াবাঁধা, লাঠিখেলা, ডাঙ্গুলি, হাডুডু, দড়িলাফ, মোরগলড়াই, গোল্লাছুট, বিস্কুটদৌড়, নৌকাবাইচ ইত্যাদি বেশ কয়েকটি খেলা নিয়ে গ্রামীণ খেলাধুলার সম্ভার। যদিও নৌকাবাইচের জন্য আলাদা ফেডারেশন রয়েছে (রোইং)। তবে এরই মধ্যে বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী এসব গ্রামীণ খেলাধুলা নিয়ে ৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি (২০১১-১২ থেকে শুরু) একটি প্রকল্পও শেষ করেছে ক্রীড়া পরিষদ। পরিষদের কার্যনির্বাহী কমিটি গ্রামীণ খেলাকে অ্যাসোসিয়েশন হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে।
গ্রামীণ খেলাধুলার স্বীকৃতির জন্য আবেদন করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি অবশ্য কান্ট্রি গেমস নামে অ্যাসোসিয়েশনের স্বীকৃতি চেয়েছেন। তবে জাতীয় ক্রীড়া পরিষদে এই নাম নিয়ে ভিন্নমত আছে। পরিষদের কয়েকজন সদস্য বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার নাম কোনোমতেই আমেরিকান নাম (কান্ট্রি গেমস) হতে পারে না। এটির নাম গ্রামীণ খেলাধুলা হওয়াই ঠিক।
সেপাক টাকরো
সেপাক টাকরো দক্ষিণ-পূর্ব এশিয়ায় (মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার ইত্যাদি) প্রচলিত জনপ্রিয় খেলা। এটি খেলতে হয় ভলিবলের নিয়মে, কিন্তু মাঠের আকার ও নেট ব্যাডমিন্টনের মতো। ১৭০-১৮০ গ্রাম ওজনের একটি বল দিয়ে পা ও মাথা ব্যবহার করে খেলতে হয়।
সেপাক টাকরোর সভাপতি আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী। রাজীব উদ্দীন এর আগে খো খো ও আর্চারি ফেডারেশন প্রতিষ্ঠার পেছনে মূল ভূমিকা রেখেছিলেন।
সেপাক টাকরোর সাধারণ সম্পাদক ফারুক ঢালী মিরপুরের সরকারি বাঙলা কলেজের শারীরিক শিক্ষক। তিনি বলেন, তাঁরা ২০০৮ সালে খেলাটি বাংলাদেশে চালু করেন। আর প্রতিযোগিতামূলকভাবে শুরু হয় ২০১০ সালে। এরই মধ্যে দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করা হয়েছে। ২৬টি জেলা দলকে নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছে গত বছর। দেশে প্রসার তেমন না হলেও দেশের বাইরে থেকে সাফল্য বয়ে আনছে সেপাক টাকরো। থাইল্যান্ডের কিংস কাপে বাংলাদেশ একবার রানার্সআপ, দুবার তৃতীয় হয়েছে। ২০১৩ সালে প্রথম আবেদন করে ক্রীড়া পরিষদের স্বীকৃতি পায়নি সেপাক টাকরো। আবার আবেদন করেছে গত বছর।
সরকারি স্বীকৃতি না পেয়ে কীভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ নাম নিয়ে অংশগ্রহণ করল সেপাক টাকরো? ফারুক ঢালী বলেন, ‘সমস্যা হয়নি। আমরা অ্যাসোসিয়েশন নাম নিয়ে অংশগ্রহণ করেছি।’
চুকবল
চুকবল অ্যাসোসিয়েশনের সভাপতি চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ। সুইজারল্যান্ডে উদ্ভাবিত ইনডোরের খেলাটি অনেকটাই হ্যান্ডবলের মতো। দলে সাতজন করে খেলোয়াড় থাকে। একটি ফ্রেমের নেটে বল ছুড়তে হয়, বল লাফিয়ে সামনের ‘ডি’ আকৃতির জায়গা পেরিয়ে কোর্টে পড়লেই পয়েন্ট। প্রতিপক্ষের খেলোয়াড়দের চেষ্টা থাকে বল মাটিতে সরাসরি পড়তে না দেওয়া।
আ ন ম ওয়াহিদ বলেন, এরই মধ্যে চুকবলের দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য আছে। তিনটি দক্ষিণ এশীয় চুকবল টুর্নামেন্টে দুবার রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
সরকারি স্বীকৃতি ছাড়াই কীভাবে জাতীয় দলের তকমা লাগিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব হলো? আ ন ম ওয়াহিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের আন্তর্জাতিক চুকবল ফেডারেশনের স্বীকৃতি আছে তো, সমস্যা হয়নি।’
বাংলাদেশে এত স্বীকৃত খেলা থাকতে নতুন খেলা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কেন? সেপাক টাকরোর সভাপতি রাজীব উদ্দীন বলেন, ‘এটি এশিয়ান গেমসের খেলা। অচিরেই অলিম্পিকে অন্তর্ভুক্ত হবে। আমি চাই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেশে খেলাধুলার সংখ্যা বাড়াতে। ক্রীড়া ফেডারেশনের সংখ্যা এক শর বেশি হয়ে গেলেও আমি তো সমস্যা দেখি না।’
অবশ্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান কোহিনূর মনে করেন, নতুন নতুন খেলা চালু করে যুবসমাজের অবক্ষয় ঠেকানো যাবে না। তাঁর পরামর্শ, দেশে যে খেলাগুলো চালু আছে, সেগুলোতেই তরুণদের আকৃষ্ট করতে হবে। নতুন নতুন খেলার স্বীকৃতি দিলে ক্রীড়াঙ্গনে একটি বিশৃঙ্খলা তৈরিরও আশঙ্কা থাকবে।
জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রথম আলোকে বলেন, নতুন চারটি অ্যাসোসিয়েশনের আবেদন পাওয়া গেছে। এখনই স্বীকৃতি দেওয়া হবে কি না, বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করার পর দেখা যাবে কী করা যায়।