চার নতুনের বিজয় দেখা
‘বিজয়ের শুরু হলো বিজয় দিয়ে, এর চেয়ে ভালো আর কী হতে পারে...!’ব্যাট হাতে সময়ের সবচেয়ে সম্ভাবনাময়দের একজন। এনামুল হকের আরেকটা বড় গুণ, কথা বলেন খুব গুছিয়ে। বিজয়ের মাসের প্রাক্কালে ওয়ানডে অভিষেক, প্রথম ম্যাচেই জয়। সেই জয়ে খানিকটা অবদানও আছে তাঁর। নিজের ডাকনাম ‘বিজয়’ আর দলের বিজয়ের প্রতিক্রিয়া এত চমৎকারভাবে মেলালেন, মনে হচ্ছে যেন ক্রিকেট সাহিত্যের পাতা থেকে উঠে আসা কোনো একটা লাইন!শুধু এনামুল হক ‘বিজয়’ নয়, পরশু বিজয় দিয়ে ওয়ানডের ভুবনে যাত্রা শুরু হলো বাংলাদেশের আরও তিন ক্রিকেটারের। সাধারণ হিসাব বলছে, একসঙ্গে চারজনের অভিষেক মানে দলে একরকম জরুরি অবস্থা জাতীয় কিছু। একই সঙ্গে সম্ভাব্য বিপর্যয়ের ইঙ্গিতও। কিন্তু ম্যাচপূর্ব এমন আবহতেই যেন জ্বলে ওঠে বাংলাদেশ! জয় এল অনায়াসে। ড্রেসিংরুমে আবারও গাওয়া হলো বিজয়সংগীত, ‘আমরা করব জয়’। রীতি মেনে জয়ের নায়কেরা থাকলেন বিজয়সংগীতের মধ্যমণি হয়ে। তামিম ইকবাল ও নাঈম ইসলামের সঙ্গে থাকলেন অভিষিক্ত সোহাগ গাজী আর এনামুল হকও!জয়ের মূল নায়ক সোহাগ কিন্তু জানতেনই না, দলে এমন একটা রীতি চালু হয়ে গেছে। ‘বিজয়সংগীত’ তাঁর কাছে এসেছে একটা বড় চমক হয়ে। তিনি নিজেই আবার উদ্যাপনের মধ্যমণি। সোহাগের কাছে সেটা জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত, ‘এমনিতেই গান আমার খুব প্রিয়। গান শুনতে ভালোবাসি। নিজের মনে গাই। কিন্তু কাল ড্রেসিংরুমে এই গান গাওয়ার অনুভূতি বোঝানো যাবে না। প্রথম ম্যাচে জয়, সেই জয়ে আমার পারফরম্যান্সের একটু অবদান আছে। দলের সবাই, কোচরা পর্যন্ত আমরা করব জয় গাইছি...অসাধারণ অনুভূতি।’সোহাগ জয়ের নায়ক, আর পার্শ্বনায়কদের একজন এনামুল। ৪১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন, তামিমের সঙ্গে তাঁর ৮৮ রানের উদ্বোধনী জুটিতেই কার্যত শেষ হয়ে যায় ম্যাচ। অভিষেকেই ড্রেসিংরুমের বিজয়সংগীতে অন্যতম মধ্যমণি হওয়ার স্মৃতি যেন ‘বিজয়ের’ আজীবনের সম্পদ হয়ে গেছে, ‘এশিয়া কাপের দলে ছিলাম আমি, তখন দেখেছি, জয়ের পর ড্রেসিংরুমে কতটা আনন্দ হয়। আমরা করব জয় গেয়েছি। কিন্তু আমার অভিষেকেই দল জিতল, গানের সময় আমি মাঝখানে...হোটেলে ফিরে যতক্ষণ জেগে ছিলাম, শুধু ভেবেছি, এটা কি সত্যি!’ তামিমের সঙ্গে তাঁর জুটিটি দলকে দারুণ এক ভিত্তি এনে দিয়েছে। তবে মাঝেমধ্যে এনামুলকে খানিকটা নড়বড়ে মনে হয়েছে। পেটে প্রজাপতির নাচনটা যে টের পাচ্ছিলেন ১৬ ডিসেম্বর ২০ পূর্ণ করতে যাওয়া ব্যাটসম্যান, ‘অভিষেক ম্যাচ, খানিকটা নার্ভাসনেস থাকাই স্বাভাবিক। তবে তামিম ভাই খুব সাপোর্ট দিয়েছেন, বারবার বলেছেন “সাহস নিয়ে খেলো।’’ মাত্র তো শুরু, আশা করি সামনে আরও ভালো খেলব, ড্রেসিংরুমে নিয়মিতই গাইতে পারব।’ভাগ্যটাকে একটু পাশে পেলে এনামুল-সোহাগের সঙ্গে বিজয়সংগীতের মধ্যমণি হতে পারতেন আবুল হাসানও। স্কোরকার্ড কখনো কখনো যে কতটা ভুল বোঝাতে পারে, এর বড় প্রমাণ হতে পারে পরশু হাসানের বোলিং বিশ্লেষণ (৮-০-৪৫-০)। অথচ নতুন বলে দারুণ বোলিং করেছেন, মুভমেন্ট পেয়েছেন। গেইল-সিমন্সকে বেকায়দায় ফেলেছেন কয়েকবার। দুবার পেতে পারতেন সিমন্সের উইকেট। কট বিহাইন্ডটা পেলেন না আম্পায়ারের ভুলে, আরেকবার সহজ ক্যাচ ফেলেছেন সোহাগ। ওই ক্যাচ পড়ার ওভারেই রান দিয়েছেন ১৬, ব্যাটিং পাওয়ার প্লের এক ওভারে ১৪। বাকি ৬ ওভারে রান দিয়েছেন মাত্র ১৫।টেস্ট অভিষেকে নিজে ইতিহাস গড়েও হার, ওয়ানডে অভিষেকে নিজে দুর্ভাগা হয়েও দলের জয়। একটাকে বাছতে গিয়ে ধন্দে পড়ে গেলেন হাসান, ‘আসলে দুটোর অনুভূতি দুরকম, বোঝানো মুশকিল। কাল (পরশু) হয়তো নিজে লাকি ছিলাম না, কিন্তু কোচ-অধিনায়ক, দলের সবাই বলেছে, ভালো বোলিং করেছি। উইকেট না পাওয়ায় খানিকটা আফসোস আছে, তবে দলের জয়ই তো সবকিছুর আগে। আমি খেলেছি, সেই ম্যাচে আমার দল, আমার দেশ জিতেছে। এটা যে কত বড় খুশির ব্যাপার!’‘আফসোস’ শব্দটা কোনোমতেই মমিনুল হকের মুখে আনা গেল না। বোলিং করেন না, অভিষেকে ব্যাট করারও সুযোগ হলো না। নির্লিপ্ত-নিস্পৃহ ভাবের মমিনুলের রসিক দিকটাও বের করে আনল অভিষেক ম্যাচ, ‘এই ম্যাচে আমি ছিলাম দুধভাত!’ ড্রেসিংরুমের আবহ অবশ্য ছাড়িয়ে গেছে মমিনুলের কল্পনাকেও, ‘বলে বোঝানো যাবে না, কতটা ভালো লেগেছে। দলের ঢোকার আগে যা ভাবতাম, তার চেয়েও অনেক বেশি মজা হয়েছে ড্রেসিংরুমে।’উৎসবমুখর এই ড্রেসিংরুমেই কখনো কখনো নেমে আসবে শ্মশানের নীরবতা। আঘাত করবে বাস্তবতা। আবার কখনো কখনো এর চেয়ে বড় উৎসবও হয়তো হবে। তবে অভিষেকের সুখস্মৃতিটা চিরদিনই অম্লান থাকবে এই চারজনের মনে।