চার নম্বর কোনো বিষয় নয়: ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের অ্যাশেজে চার নম্বরে খেলতে এসেই কপালটা পুড়েছিল। ড্যামিয়েন মার্টিন ছিলেন না বলে চার নম্বরে খেলানো হয়েছিল মাইকেল ক্লার্ককে। তিন টেস্টে রান তুলতে পেরেছিলেন ৩৯, ৫, ৫, অপরাজিত ১৪ ও ৫! দুর্বল পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। দলের বাইরে থাকতে হয়েছিল ছয় মাস। যখন ফিরলেন তখন পাঠানো হলো মিডল অর্ডারে। ক্যারিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন পাঁচ নম্বরে। রিকি পন্টিংয়ের অনুরোধে আবারও ‘অপয়া’ চার নম্বরে খেলতে হবে ক্লার্ককে। কিন্তু এবার কী হবে?ক্লার্কের দাবি, কোন পজিশনে ব্যাট করবেন এটা তাঁর কাছে কোনো বিষয়ই নয়। তাহলে ২০০৫ সালের অ্যাশেজে কেন ভরাডুবি হয়েছিল তাঁর? ক্রিকইনফোকে ক্লার্ক বলছেন, ‘তখন আমি অপরিণত ছিলাম বলে সমস্যা হয়েছিল। মাঝে পাঁচটি বছর কেটে গেছে। অনেক কিছু শিখেছি। কীভাবে খেলছি এটাই আসল। চার নম্বর কোনো বিষয় নয়।’চার নম্বরে ব্যাট করে দল থেকে বাদ পড়তে হয়েছিল বলে এবার নিজেকে প্রমাণ করার সুযোগও এসেছে ক্লার্কের সামনে। বড় স্কোর গড়ার ক্ষেত্রে চারে ব্যাট করাটা সহায়তা করবে বলে বিশ্বাস করেন এই অলরাউন্ডার। ক্লার্ক বলছেন, ‘নতুন বলে ব্যাট করাটা ব্যাটসম্যানের জন্যই ভালো। বড় রান গড়তে এটা সহায়তা করে।’ তবে কৌশলে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়ে দিয়েছেন ক্লার্ক, ‘আমার খেলায় কোনো পরিবর্তন আসবে না। যেভাবে খেলছি, সেভাবেই খেলব।’