চার নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার,ডেভিড ভিয়া,আরিয়েন রোবেন,রাফায়েল মার্কেজ
নেইমার,ডেভিড ভিয়া,আরিয়েন রোবেন,রাফায়েল মার্কেজ

গ্রুপের শুরু আর শেষ এক বিন্দুতে মেলালেন নেইমার। কখনো উজ্জ্বল, কখনো ধূসর—অধারাবাহিকতার দিনগুলো পেছনে ফেলে দারুণ ধারাবাহিক আিরয়েন রোবেন। দেশের জার্সিতে শেষ ম্যাচে ডেভিড ভিয়া মনে করিয়ে দিলেন সেরা সময়কে। আর ক্যারিয়ার গোধূলিতেও রাফায়েল মার্কেজ যেন মধ্যগগনের সূর্য। যাঁর তেজে জ্বলেপুড়ে ছারখার প্রতিপক্ষ।
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলে ম্যাচসেরা হয়েছিলেন নেইমার। মাঝে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য নিষ্প্রাণ ম্যাচটিও প্রাণের পরশ পেয়েছে তাঁর পায়ে বল গেলেই। তবে সেরাটা জমা রেখেছিলেন গ্রুপের শেষ ম্যাচের জন্য। বল পায়ে প্রতিটি পদক্ষেপেই যেন বুঝিয়ে দিয়েছেন, মাঠের আর সবার চেয়ে তাঁর জাত অনেকটা উঁচু। ক্যামেরুনের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন বারবার, দুর্দান্ত ফিনিিশংয়ে করেছেন দুটি গোল।
ফিনিশিংয়ে পরশু সবাইকে ছাড়িয়ে গেছেন ভিয়া। অসাধারণ যে ব্যাকহিল ফ্লিকে প্রথম গোল এনে দিয়েছেন দলকে, ম্যাচসেরা হওয়ার জন্য যথেষ্ট স্রেফ ওটুকুই। তবে শেষ ম্যাচে কি আর ওখানেই থেমে থাকলে চলে! অস্ট্রেলিয়ার রক্ষণে হানা দিয়েছেন বারবার, তোরেসের সঙ্গে মিলে মনে করিয়ে দিয়েছেন জুটির সোনালি সময়টা।
মার্কেজের সোনালি সময় চলছে যেন এই ৩৫ বছর বয়সেও। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে দলকে এগিয়ে দিয়েছেন দুর্দান্ত এক হেডে। আর মূল কাজ যেটি, সেই রক্ষণ সামলানোয় তো এখনো জুড়ি নেই তাঁর। সেটির আরেকটি প্রমাণ মিলেছে এই ম্যাচেও। ম্যাচসেরার স্বীকৃতি তো কমই!
প্রথম ম্যাচে দু গোল করেও সেরার স্বীকৃতি পাননি রোবেন। দ্বিতীয় ম্যাচে সেরা হয়েছিলেন এক গোল করে। পরশু গোল না করেই! দুটি গোলেই আছে তাঁর অবদান। জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলটিতে তো মূল কৃতিত্ব তাঁরই, ডিফেন্স-চেরা দৌড়ে নিখুঁত পাসে বল বানিয়ে দিয়েছিলেন মেম্ফিস ডিপাইকে।