চার পুরস্কারের দৌড়ে সাঙ্গাকারা
আইসিসি অ্যাওয়ার্ড নাইট বা ক্রিকেট অস্কারে এবারও বাংলাদেশ শুধু দর্শক। গত আট বছরে পুরস্কারের রাত পর্যন্ত সম্ভাবনা টিকিয়ে রাখতে পেরেছিলেন কেবল আফতাব আহমেদ, ছিলেন ২০০৫ সালের বর্ষসেরা উদীয়মানের সংক্ষিপ্ত তালিকায়। এবার প্রাথমিক তালিকায় ছিলেন সাকিব আল হাসান (বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার), নাসির হোসেন (বর্ষসেরা উদীয়মান) ও ইলিয়াস সানি (বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স)। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তাঁদের কারও। কাল কলম্বোতে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি। চূড়ান্ত বিজয়ীদের নাম জানা যাবে ১৫ সেপ্টেম্বর, কলম্বোতে ঝলমলে এক অনুষ্ঠানে। চারটি পুরস্কার পাওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারি সোবার্স ট্রফির লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী হাশিম আমলা, মাইকেল ক্লার্ক ও ভারনন ফিল্যান্ডার। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়ও আছেন এই চারজনই। এর বাইরেও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও পিপলস চয়েজ অ্যাওয়ার্ডেও আছে সাঙ্গাকারার নাম। সাবেক ক্রিকেটার এবং সংবাদমাধ্যম, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের প্রতিনিধি সমন্বয়ে ৩২ জনের ভোটে নির্বাচিত করা হয়েছে সংক্ষিপ্ত তালিকা। বিবেচনায় নেওয়া হয়েছে গত বছরের ৪ আগস্ট থেকে এ বছরের ৬ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সকে।এবার নতুন একটি বিভাগেও দেওয়া হচ্ছে পুরস্কার। বর্ষসেরা নারী ক্রিকেটার ভাগ হয়েছে বর্ষসেরা নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারে। দুই তালিকাতেই আছেন গতবারের সেরা স্টেফানি টেলরের সঙ্গে আছেন সারা টেলর। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত আগস্টে ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংসটি বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের তালিকায় রেখেছে দিলশানকে, ওই সিরিজেই ১৬ রানে ৬ উইকেট নিয়ে আছেন অজন্তা মেন্ডিস। টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি রেখেছে রিচার্ড লেভিকে, ক্রিস গেইলকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫২ বলে ৮৫ রানের ইনিংস।কাল কলম্বোর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বর্ষসেরা টেস্ট একাদশও ঘোষণা করেছে আইসিসি। দলের অধিনায়ক মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। টানা পঞ্চমবারের মতো দলে জায়গা পেয়েছেন ডেল স্টেইন, টানা তৃতীয়বার আমলা, সাঙ্গাকারা ও ক্যালিস, টানা দ্বিতীয়বার ব্রড ও কুক। বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করা হবে পুরস্কার রজনীর আগে। ওয়েবসাইট।