চার পয়েন্ট পিছিয়েও নিঃশঙ্ক ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপার ঝিলিকটা আবার কি একটু ফ্যাকাসে লাগছে অ্যালেক্স ফার্গুসনের কাছে! চেলসির সঙ্গে পয়েন্ট ব্যবধানটা যে আবার ১ থেকে বেড়ে গিয়ে ৪ হয়েছে। ‘আমি শঙ্কার কিছু দেখি না’—ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসন জানালেন এভারটনের কাছে ১-৩ গোলে হেরে শীর্ষে থাকা চেলসির আরও পেছনে পড়ায় মোটেই শঙ্কিত নন। উলভারহাম্পটনকে ২-০ গোলে হারিয়ে চেলসি তো শিরোপার পথে আছেই। সান্ডারল্যান্ডকে ওই একই ব্যবধানে হারিয়ে শিরোপার ঝিলিক দেখতে পাচ্ছে আর্সেনালও। মঙ্গলবার রাতে মিলানের মাঠ থেকে চ্যাম্পিয়নস লিগে দারুণ এক জয় নিয়ে ফিরেছে ম্যানইউ। কিন্তু পরশু রাতে এভারটনের মাঠে সেই ম্যানইউকে খুঁজেই পাওয়া যায়নি। বরং ম্যাচের শুরু থেকেই এভারটনই চেপে বসে প্রিমিয়ার লিগের দুইয়ে থাকা দলটির ওপর। ম্যাচ শেষে কোচ ফার্গুসনও তা স্বীকার করে নিয়েছেন, ‘আমাদের খেলোয়াড়েরা সহজেই পরাস্ত হয়েছে। আমি খুব হতাশ হয়েছি। খেলোয়াড়েরা হতাশ হয়েছে। ওরাও তো মানুষ।’ এগুলো সবই ক্লান্তির কারণে হয়েছে এবং পরের ম্যাচে ম্যানইউ ঠিকই ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী ফার্গুসন। শিরোপা আশার চোরা স্রোত বইছে আর্সেনাল শিবিরে। ‘আমরা এখনো শিরোপা লড়াইয়ে আছি। এখন নিজেদের ম্যাচগুলো জিতে অন্যদের পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে থাকতে হবে’—বলেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। পরশু ওয়েঙ্গার সবচেয়ে খুশি হয়েছেন তাঁর খেলোয়াড়দের ঘুরে দাঁড়াতে দেখে। বুধবার চ্যাম্পিয়নস লিগে পোর্তোর মাঠ থেকে হেরে এসেছে ‘গানার’রা। আর পরশু তারা দেখা দিল অন্য এক রূপে। আর্সেনালের জয়সূচক গোল দুটি করেছেন বেন্টনার ও ফ্যাব্রিগাস। উলভারহাম্পটনের বিপক্ষে চেলসির জয়ের নায়ক দিদিয়ের দ্রগবা। ২-০ গোলের জয়ের দুটি গোলই করেছেন আইভরিয়ান স্ট্রাইকার। কোচ কার্লো আনচেলত্তি দ্রগবার স্তুতি তো করছেনই, উচ্ছ্বসিত হয়েছেন শিরোপা জয়ের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ায়। ‘জয় সব সময়ই আনন্দের। আর এখন লিগের শেষের দিকে এসে জয় পাওয়াটা তো আরও আনন্দের ব্যাপার।’ পরশুর জয়ের পর ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট হয়েছে চেলসির। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। আর তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৫। এএফপি।