চার বছর পর দুই বোনের লড়াই
দ্বিগুণ খাটুনির পুরস্কার কিনা এই! পরশু ফ্যামিলি সার্কেল কাপে এক দিনেই দুটি করে ম্যাচ খেলতে হয়েছে উইলিয়ামস বোনদের। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল—দুটিই জিতেছেন সেরেনা ও ভেনাস। ফলাফল সেমিফাইনালেই দেখা হয়ে গেল দুই বোনের। ২০০৯ সালের পর উইলিয়ামস বোনদের প্রথম লড়াইয়ে কাল জিতেছেন ছোট বোন সেরেনাই। বড় বোনকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েই ফাইনালে উঠে গেছেন শীর্ষ বাছাই সেরেনা। শেষ ষোলোর ম্যাচ দুটি হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। প্রবল বৃষ্টিতে তা মাঠে গড়াতে পারেনি। সেমিফাইনালে ওঠার পথে পরশু স্বদেশি ম্যালরি বুরদেতকে ৬-৪, ৬-২ গেমে হারানোর পর শেষ আটে সেরেনা জিতেছেন ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে ৬-৪, ৬-১ গেমে। আর ভেনাস জিতেছেন ভারভারা লেপচেঙ্কো (৬-২, ৪-৬, ৬-২) ও ম্যাডিসন কিসের (৬-৪, ৬-৪) বিপক্ষে। পরস্পরের বিপক্ষে দুই বোন এর আগে সর্বশেষ খেলেছিলেন ২০০৯ সালে দোহায় ডব্লুটিএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচেও জিতেছিলেন সেরেনা। উইলিয়ামস বোনেরা এ পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন একে অন্যের বিপক্ষে। ১৪-১০ ব্যবধানে এগিয়ে আছেন সেরেনাই। বোনের সঙ্গে আবার খেলতে পারায় উচ্ছ্বসিত সেরেনা ভেনাসকে ম্যাচের আগে বলছিলেন কঠিনতম প্রতিপক্ষ, ‘আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে ভেনাসই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। আমার মনে হয়, অন্য সব খেলোয়াড়ের চেয়ে সে-ই আমাকে বেশি হারিয়েছে। আমি তার খেলা বুঝি, সে আমারটা। আশা করছি, আগামীকাল অসাধারণ এক ম্যাচ হতে যাচ্ছে।’ কিন্তু হলো উল্টোটাই। এএফপি।