চার বছর পর সারওয়ানের সেঞ্চুরি
ইনিংসের আয়ু যখন মাত্র ১০ বল, মাত্র ১ রান তুলতেই দুই উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। মনে হচ্ছিল আয়ারল্যান্ডের হয়ে উইলিয়াম পোর্টারফিল্ডের শততম ম্যাচটি স্মরণীয়ই করে রাখবেন সতীর্থরা। রামনরেশ সারওয়ানের অপরাজিত সেঞ্চুরিতে শেষ পর্যন্ত অবশ্য হতাশই হতে হয়েছে আইরিশদের, একমাত্র ওয়ানডেটি ৬ উইকেটে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।কিংস্টনে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড। ১১তম আইরিশ হিসেবে শততম ম্যাচ খেলার দিনটিতে পোর্টারফিল্ড করতে পেরেছেন মাত্র ১০ রান। তবে আরেক ওপেনার পল স্টারলিং করেছেন ৫১। এর পর ও’ব্রায়েন ভাতৃদ্বয়ের ব্যাটিংয়ে দুই শ পেরোয় আয়ারল্যান্ড। ১ রানের জন্য নিয়াল ও’ব্রায়েন ফিফটি মিস করলেও ছোট ভাই কেভিন করেছেন ৫১ বলে ৫৪। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৫.২ ওভার পর নামা বৃষ্টি লক্ষ্য নির্ধারণ করে দেয় ৪৫ ওভারে ২১৩। ১ রানেই দুই ওপেনার চন্দরপল ও ফ্লেচারকে হারানোর পর ৫৬ রানে ওয়াভেল হাইন্ডসকেও হারায় স্বাগতিকেরা। তবে চতুর্থ উইকেটে মাত্র ১০১ বলে ১১১ রানের জুটি গড়েন সারওয়ান-দেওনারায়ণ। ৪৯ বলে ৫৭ রান করেন দেওনারায়ণ, ১১৯ বলে অপরাজিত ১০০ করে ম্যাচসেরা সারওয়ান। ২০০৬ সালের ২৩ মে ভারতের বিপক্ষে ১১৫ রানের পর এই প্রথম ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন সারওয়ান।দুদিন আগে কানাডাকে হারাতে অবশ্য এতটুকু বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। একই ভেন্যুতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩১৬ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১০১ করেছিলেন চন্দরপল, ৭৪ ড্যারেন ব্রাভো, আর ২৬ বলে ৪৭ সারওয়ান। মিলার (৩/১৫), স্যামি (২/১৪) ও বেনের (২/২৪) বোলিং-নৈপুণ্যে কানাডা গুটিয়ে যায় ১০৮ রানে। গেইল-ব্রাভোরা আইপিএলে ব্যস্ত থাকায় দুটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন ড্যারেন স্যামি। ওয়েবসাইট।আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২১৯ (কেভিন ও’ব্রায়েন ৫৪, স্টারলিং ৫১, নিয়াল ও’ব্রায়েন ৪৯; বার্নার্ড ৩/৩২, বেন ২/২৯, রামপল ২/৫৪)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৪ ওভারে ২১৩/৪ (সারওয়ান ১০০*, দেওনারায়ণ ৫৭, ব্রাভো ২৮*; কনেল ১/২৫)।