চার বছরে চাই ১৬ টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির জনপ্রিয়তা আর বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোর আগ্রাসনে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অনেকেই। সেই শঙ্কা এবার উঠে এল আইসিসি ক্রিকেট কমিটিতেও। লর্ডসে গত পরশু শেষ হয়েছে আইসিসি ক্রিকেট কমিটির দুই দিনব্যাপী বার্ষিক সভা। এবার মূল আলোচ্য ছিল টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ। কমিটির সুপারিশ, প্রতি চার বছরে কোনো দেশ কমপক্ষে ১৬টি টেস্ট না খেললে যেন কেড়ে নেওয়া হয় টেস্ট স্ট্যাটাস।

আইসিসি ক্রিকেট কমিটির সভার দিকে বরাবরই চোখ থাকে ক্রিকেট বিশ্বের। লক্ষ্মণ শিবরামকৃষ্ণানের অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর এবার আগ্রহ ছিল আরও বেশি। এ ছাড়া কমিটির নতুন প্রধান অনিল কুম্বলের সভাপতিত্বে এটাই ছিল প্রথম সভা, সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের জন্যও প্রথম অভিজ্ঞতা। আইসিসি ক্রিকেট কমিটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, কেবল সুপারিশ করতে পারে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির কাছে। প্রধান নির্বাহীদের অনুমোদন পেলে তা সিদ্ধান্ত আকারে গৃহীত হয় আইসিসির বোর্ডসভায়। তবে গত কয়েক বছরে ক্রিকেটের আইনের যত পরিবর্তন, প্রায় সবই হয়েছে ক্রিকেট কমিটির সুপারিশেই। কমপক্ষে একটি নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলার বাধ্যবাধকতাও তাই চালু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার নির্বাহীদের কমিটির সভা ও বোর্ডসভা বসবে ২৫-২৯ জুন, লর্ডসে।

এই বাধ্যবাধকতা চালু হলে লাভবান হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মতো দেশগুলো। বোর্ডগুলোর দায় থাকবে টেস্ট আয়োজনের। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত একটা মেয়াদ ধরলে সবচেয়ে বেশি ৪৯ টেস্ট খেলেছে ইংল্যান্ড, বাংলাদেশ খেলেছে ১৮টি। অথচ র‌্যাঙ্কিংয়ের সাত ও আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডও খেলেছে ৩১টি করে টেস্ট। ২০১০ সালে প্রথম ছয় মাসে সাতটি টেস্ট খেলার পর টানা ১৪ মাস কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ, গত বছর খেলতে পেরেছে মাত্র দুটি। ২০১১ সালে স্বেচ্ছানির্বাসন থেকে ফেরা জিম্বাবুয়ে খেলেছে মাত্র আটটি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে অনেক সময় টেস্ট খেলতে চেয়েও পায় না। অন্যদিকে সাম্প্রতিক সময়ে অনেক দেশই টি-টোয়েন্টি ও ওয়ানডের কারণে টেস্ট সিরিজ বাদ দিয়েছে। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী যেমন এ মাসেই টেস্ট সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার। কিন্তু জুনের শেষে ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য টেস্ট সিরিজটি খেলছে না উইন্ডিজ-শ্রীলঙ্কা। জুলাইয়ে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি এখন হতে পারছে না ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কারণে। জুলাই-আগস্টেই শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ হচ্ছে না শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের কারণে। এ বছর থেকেই শুরু হওয়ার কথা ছিল বহুল আলোচিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু স্পনসরদের সঙ্গে চুক্তির কারণে অনেক আগে থেকেই এ বছর চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনও আর হয়ে ওঠেনি। এএফপি, ওয়েবসাইট।