চার বছরেই অকেজো উডেনফ্লোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ এসএ গেমসের সময় সরকারের কাছ থেকে নতুন একটি জিমনেসিয়াম পেয়েছে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস। কয়েক কোটি টাকার সেই পল্টন উডেনফ্লোর জিমনেসিয়াম মাত্র চার বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে!
কোনো টুর্নামেন্ট চলার সময় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ঠিকঠাক কাজ করে না। মেঝের কাঠে ঘুণ ধরেছে অনেক আগে। কোর্টের দশা করুণ। তাই নিয়মিত খেলা চালানো যাচ্ছে না। খেলোয়াড়দের অনুশীলনের জন্য ঘুরতে হয় এখানে-সেখানে।
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জ। পল্টনে কোর্ট থাকার পরও এবার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার আয়োজন করছে ফেডারেশন। উডেনফ্লোরে সর্বশেষ প্রতিযোগিতা হয়েছিল গত বছর সেপ্টেম্বরে, সামার ওপেন ব্যাডমিন্টন। এবারের জাতীয় প্রতিযোগিতা হয়েছে সিলেটের নবনির্মিত ইনডোরে সপ্তাহ দুয়েক আগে।
পল্টনে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা যাচ্ছে না বলে হতাশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান, ‘এই জিমনেসিয়ামের এমন অবস্থা যে ছেলেমেয়েরা অনুশীলনও করতে পারে না। অনেক অনুরোধ করে মাত্র সাত দিনের জন্য মিরপুর স্টেডিয়াম পেয়েছি এনএসসি থেকে। জিমনেসিয়াম ভালো নয় বলে আমরা কোনো বড় পরিকল্পনাও করতে পারছি না।’
বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের (বিডব্লুএফ) নিয়মিত প্রতিযোগিতার অংশ হিসেবে কয়েক বছর ধরেই স্বাগতিক হয়ে আসছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও এবার খেলছে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, মালদ্বীপ, ক্রোয়েশিয়া, তুরস্ক ও শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতা সামনে রেখে কোনো অনুশীলন ক্যাম্প করেনি বাংলাদেশ। তবু কাল বিওএ ভবনে সংবাদ সম্মেলনে আশার গানই শোনালেন কর্তারা।