চার বিদেশি কোচেরও লড়াই

আলী আকবর পোরমুসলিমি, রুই ক্যাপেলা, সৈয়দ নইমুদ্দিন, ওমর সিসে। ঢাকার ফুটবলে পরিচিত চারটি নাম। সম্ভবত এই প্রথম ঘরোয়া কোনো ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের চার কোচই বিদেশি। মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ঘরের তোলার অভিযানে আজ থেকে তাঁরা মুখোমুখি।
ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমির আবাহনীর সামনে আগামীকাল পর্তুগিজ রুই ক্যাপেলার মোহামেডান। প্রথম সেমিতে আজ ভারতের দ্রোণাচার্য কোচ নইমুদ্দিনের ব্রাদার্সের প্রতিপক্ষ গাম্বিয়ান ওমর সিসের ফেনী সকার।
ফেনীর দলটি এর আগে ২০০৯ ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলেছে। এবার নিয়ে তারা দ্বিতীয়বার সেমিফাইনালে। ব্রাদার্স ফাইনাল খেলেছে বেশ কয়েকবারই, চ্যাম্পিয়নও হয়েছে। আবাহনী-মোহামেডান একসময় তো শিরোপা ছাড়া কিছু বুঝত না। দুই প্রধানের সেই দাপট যদিও এখন মুকুটহীন রাজার মতো।
তবু আবাহনী-মোহামেডান লড়াই এ দেশের ফুটবলের আজও সেরা বিজ্ঞাপন। আশা করা যায়, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা জমজমাটই হবে। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট উত্সব শেষে ফুটবল অঙ্গনও আশায়, আজ থেকে আবারও রং লাগতে শুরু করবে ফুটবলে।
দলগুলো ফাইনালে চোখ রেখেই নামছে সেমিফাইনালে। বাফুফেও তৈরি। কাল ফুটবল ভবনে সংবাদ সম্মেলনে চার দলকেই হাজির করল বাফুফে। নিজেদের প্রস্তুতি, সম্ভাবনা নিয়ে কথা বলেছে চার দলই। চার বিদেশি কোচের সঙ্গে ছিলেন চার অধিনায়কও। সবার মুখেই এক কথা, ব্রাদার্স-ফেনী সকারের জয়ের সম্ভাবনা সমান। আবাহনী-মোহামেডান ম্যাচ তো সব সময়ই ৫০-৫০।
শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধার মতো দল সেমিফাইনালে উঠতে পারেনি, সেখানে ফেনী সকার কিনা শেষ চারে! সবার কাছেই এটা বিস্ময়। গ্রুপিং ও সূচির টানাপোড়েনে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল, এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী শেখ জামালের বিদায় ত্বরান্বিত হয়েছে ঠিকই। তবে নবাগত তিন গাম্বিয়ান নিয়ে নজরকাড়া ফুটবল খেলেই ফেনী সকার উঠে এসেছে শেষ চারে।
শারীরিক সামর্থ্যে গাম্বিয়ানরা এগিয়ে। বিশেষ করে ফরোয়ার্ড ল্যান্ডিংকে আটকানো কঠিন। সকারের অধিনায়ক আকবর হোসেন (রিদন) তো তিন গাম্বিয়ানকে পেয়ে মুগ্ধ, ‘গাম্বিয়ানদের দেখে মনে হয় ফুটবল খেলা কত সহজ।’ ওমর সিসের কথা, ‘ওরা আসায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। অবশ্যই ফাইনাল খেলতে চাই।’
ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিন বলছেন, ‘ভুল না করলে আমরা ম্যাচটা জিতে বেরোব আশা করি।’ ব্রাদার্সের রক্ষণ খানিক নড়বড়ে। তবে অধিনায়ক আশরাফুল করিমের বিশ্বাস, ‘রক্ষণ জমাট রাখব আমরা।’
আবাহনী-মোহামেডান কদিন আগেই ড্র করেছে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে। সাম্প্রতিক ধারাবাহিকতায় এই ম্যাচটিও ‘বিদেশিদের ম্যাচ’ই হবে হয়তো। আবাহনীর খেলায় পুরোনো ছোঁয়া খানিক পাওয়া গেছে। আকাশি-নীল দলের আফ্রো-পর্তুগিজ ফুটবলার সুয়ারেজ কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে বিদায় করেছেন জোড়া গোল করে। সেমির ভাগ্যও লিখতে পারেন তিনি।
খোলস ছেড়ে বেরিয়েছে মোহামেডান। রুই ক্যাপেলা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই লিগের চেয়ে ভালো খেলতে শুরু করেছে। পর্তুগিজ এই কোচ ভালো ট্যাকটিশিয়ান, কিন্তু মুখে তাঁর অন্য কথা, ‘আবাহনী-মোহামেডান ম্যাচ বাংলাদেশের ফুটবলের জন্যই শুভবার্তাবহ।’ পোরমুসলিমিরও একই উচ্চারণ।
দুই অধিনায়ক আবাহনীর সুজন ও মোহামেডানের এমিলিই বা বাদ যাবেন কেন? তাঁদের কণ্ঠও মিলল কোচদের সঙ্গে। আবাহনী-মোহামেডান দ্বৈরথ বলে কথা!