চার বিদেশির পক্ষে লিগ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান-শেখ জামালের চাহিদা মেনে এবার ঘরোয়া ফুটবলে চারজন বিদেশিকে খেলানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ লিগ কমিটি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংখ্যাটা চান পাঁচ। সালাউদ্দিনের আরেকটি চাওয়া, প্রতি দলকে আটজন বিদেশি আনার অনুমতি দেওয়া হোক। বিষয়টি নিয়ে আলোচনা করতে কাল সভায় বসেছিল বাংলাদেশ লিগ কমিটি। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সভা মুলতবি হয়ে গেছে। তবে জানা গেছে, চারজন বিদেশির পক্ষেই লিগ কমিটি। বাফুফের নির্বাহী কমিটি চাইলে কোটা বাড়াতে পারে।এই লিগ কমিটি প্রাথমিকভাবে তিনজন বিদেশিকে অনুমিত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে চাপের মুখে তারা সরে আসে। অনেকেই বলেন, লিগ কমিটির কোনো মেরুদণ্ড নেই। তাই দেশের ফুটবলের জন্য ক্ষতিকর জেনেও চাপের মুখে বিদেশি কোটা কমায়নি কমিটি। এদিকে গত মৌসুমে স্থানীয় অনেক তারকা খেলোয়াড় বেঞ্চে ঠাঁই নেওয়ায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বিদেশি খেলোয়াড় কমানোর দাবি তুলেছিল। এই কমিটি এখন মুখে কুলুপ এঁটেছে। বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে বিদেশি খেলানোর অনুমতি নেই। তবে এই লিগ আদৌ হবে কি না, সেই সংশয় জাগছে। লিগ আগামী মাসে শুরু হওয়ার কথা। অথচ এখন শুরু হয়েছে নতুন সমস্যা। বাফুফের নির্বাচনে ভোটাধিকার চেয়ে ওয়ারি ও ভিক্টোরিয়া চিঠি দিয়েছে। এই দুটি ক্লাবের সাফ কথা, ভোটাধিকার না পেলে তারা বাংলাদেশ লিগে খেলবে না। বিষয়টা সুরাহা যতটা ত্বরিত গতিতে হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। ফলে লিগটার ভাগ্যও আবার ঝুলে যাচ্ছে!