চার ব্রোঞ্জের পাশে সোনার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর ব্যক্তিগত ইভেন্টে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। কাল সবাই তাকিয়ে ছিল দলগত ইভেন্টে। সেখানেও খুব বেশি ভালো করতে পারল না বাংলাদেশ, কোনো বিভাগেই ফাইনালে ওঠা যায়নি। ব্রোঞ্জেই সন্তুষ্টি। তবে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের রিকার্ভ বোয়ের ফাইনালে মালয়েশিয়াকে ২১৩-১৮৭ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোনা জয়ের লড়াইয়ে আজ তাদের প্রতিদ্বন্দ্বী ভারত।বিকেএসপিতে কাল মহিলা রিকার্ভ বোয়ে মালয়েশিয়াকে ২০২-১৯০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এই ইভেন্টে ফাইনালে ভারত ও চীনা তাইপে। পুরুষদের রিকার্ভ বোয়ে ব্রোঞ্জের লড়াইয়ে ভারত ২২০-২০৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশকে। এই ইভেন্টের ফাইনালে থাইল্যান্ড মুখোমুখি হচ্ছে চীনা তাইপের। রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ, ১৪১-১৪০ পয়েন্টে চীনা তাইপেকে হারিয়ে। এতে ফাইনালে উঠেছে ভারত ও সিঙ্গাপুর। পুরুষ বিভাগের কম্পাউন্ড বোয়ের দলগত খেলায় বাংলাদেশকে ২১৯-২১৩ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সিঙ্গাপুর।যুব চ্যাম্পিয়নশিপের রিকার্ভে মেয়েদের দলগত ব্রোঞ্জও বাংলাদেশের, ১৭৪-১৩৮ পয়েন্টে হারিয়েছে ইরাককে। মিশ্র দ্বৈতে কাজাখস্তানকে ১৩৩-১২৮ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। সোনা নিষ্পত্তির সব ম্যাচই আজ হবে বনানী আর্মি স্টেডিয়ামে।