চার ভূমিপুত্রই বাধা স্মিথদের!
গ্রায়েম স্মিথের নোট বইটা খুঁজে দেখলে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা—অন্তত চারবার এই শব্দযুগল হয়তো পাওয়া যাবে। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের বাধা তো এই চারটিই। দক্ষিণ আফ্রিকার বাধা দক্ষিণ আফ্রিকা, ভাবছেন এ আবার কেমন কথা!আজ দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বাধার নাম হতে পারে কেভিন পিটারসেন। আর পিটারসেন মানেই তো দক্ষিণ আফ্রিকা! ইংলিশ মা আর দক্ষিণ আফ্রিকান বাবার সন্তান পিটারসেনের বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকাতেই। প্রায় ২০ বছর বয়স পর্যন্ত ছিলেন জন্মভূমিতে। দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাওয়ার আশায় সময় গুনতে গুনতে একসময় পাড়ি জমান ইংল্যান্ডে। এখন ইংল্যান্ডই তাঁর ঠিকানা, ইংল্যান্ডই ভালোবাসা।অ্যান্ড্রু স্ট্রাউস আরেক বাধা। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া স্ট্রাউস ইংল্যান্ডে যান ছয় বছর বয়সে। তখনো ক্রিকেট খেলতে শুরু করেননি। ক্রিকেটে হাতেখড়ি অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার এই ছেলেই আজ ইংলিশদের স্বপ্ন-সারথি। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং ব্যাটিং ডোবাতে পারে দক্ষিণ আফ্রিকাকে।এরপর আসছে জোনাথন ট্রটের নাম। দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের নাড়িও পোঁতা দক্ষিণ আফ্রিকায়। কেপটাউনে জন্ম নেওয়া ট্রট খেলেছেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ দলে। কিন্তু খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে। ভাগ্য তাঁকে টেনে নিয়ে যায় ইংল্যান্ডে। আজ তিনিই হতে পারেন তাঁর জন্মভূমির স্বপ্নভঙ্গের কারণ।এখানেই শেষ নয়। বলতে হবে ম্যাট প্রিয়রের কথাও। ১১ বছর বয়সে মা-বাবার সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন জোহানেসবার্গে জন্ম নেওয়া প্রিয়র। উইকেটের পেছনে গ্লাভস হাতে ইংল্যান্ডের ভরসা তিনি। সুযোগ পেলে স্ট্রাউস, পিটারসেন, ট্রটদের মতো তিনিও হয়ে উঠতে পারেন ভয়ংকর।নিয়তি বুঝি এমনই! দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে নিজের ভালোর জন্য, দেশের জন্য আজ ছক আঁকতে হচ্ছে তাঁর দেশের চার ছেলের বিরুদ্ধেই। নিয়তি আজ দক্ষিণ আফ্রিকাকে দাঁড় করিয়ে দিয়েছে পিটারসেন, স্ট্রাউস, ট্রট আর প্রিয়রের সামনে। মানে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ আফ্রিকা লড়াই।আজকের দিনটা স্ট্রাউস, পিটারসেন, ট্রটদের জন্য তাই অন্য রকমই। দলের জন্য নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার প্রত্যয় যেমন আছে, তেমনি কি একটু-আধটু আবেগের বায়ু এসেও তাঁদের ছোঁবে না! যত বছর আগেই দেশ ছাড়ুন, জন্মভূমি তো!হয়তো আবেগ ছোঁবে পিটারসেন-স্ট্রাউসদের। কিন্তু আবেগকে পেছনে ফেলে কীভাবে সত্যিকারের পেশাদার হয়ে ওঠা যায়, সেটা তাঁরা ভালোই জানেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এই চারজনের পারফরম্যান্সও সেই কথা বলে। দক্ষিণ আফ্রিকাকে পেলেই তাঁরা হয়ে ওঠেন অন্য রকম। অন্য কথা উঠতে পারে, সেই ভয়েই হয়তো নিজেদের শতভাগের চেয়েও বেশি উজাড় করে দেন।পিটারসেনের কথাই ধরুন। ওয়ানেডেতে তাঁর ক্যারিয়ার গড় যেখানে ৪২.১৮, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটা ৭১.৫৫। সাতটি সেঞ্চুরির তিনটিই জন্মভূমির বিপক্ষে। ট্রটেরও তা-ই। ২১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৫৪.১০ গড়ে ১০২৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ খেলে ৭৪ গড়ে করেছেন ১৪৮ রান। প্রিয়রেরও ক্যারিয়ার গড়ের চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড় বেশি। স্ট্রাউস অবশ্য একটু পিছিয়ে আছেন এ ক্ষেত্রে। ক্যারিয়ার গড়ের চেয়ে জন্মভূমির বিপক্ষে গড় কম। কিন্তু কে বলতে পারে, আয়ারল্যান্ড-হতাশা মুছতে ইংল্যান্ড অধিনায়ক দক্ষিণ আফ্রিকাকে বেছে নেবেন না?