চার ম্যাচ পর চেলসির জয়
আগের চার ম্যাচে জয়শূন্য থেকেছে চেলসি। উলহার-হ্যাম্পটনের বিপক্ষে গতকালও অধরা থেকে যাচ্ছিল জয়। ৫৪ মিনিটে রামিরেসের গোলে এগিয়ে যাওয়া চেলসি ৮৪ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় ওয়ার্ডের গোল হজম করলে ম্যাচের সম্ভাব্য পরিণতি ড্র-ই ভাবা হয়েছিল। কিন্তু খেলা শেষ হতে যখন মিনিট খানেক বাকি, চাপে থাকা কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসকে স্বস্তি এনে দিলেন ল্যাম্পার্ড। ৮৯ মিনিটে গোল করে জয়ের ধারায় ফেরালেন চেলসিকে।এই জয়ের পর সামনের দিকেই তাকাতে চাইবেন ভিলাস-বোয়াস। কিন্তু ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনিকে তাড়া করছে সান্ডারল্যান্ডের কাছে পরাজয়ের হতাশা। আজ লিভারপুলের মতো বড় দলের বিপক্ষে মাঠে নামছে সিটি। সান্ডারল্যান্ড ম্যাচের ‘শিক্ষা’ নিয়েই মানচিনি আগের চেয়ে অনেক সতর্ক। শিষ্যদের এই দীক্ষাও দিচ্ছেন—আক্রমণে যাওয়ার আগে নিজেদের ঘর সামলাও। কারণ মানচিনির বিশ্বাস, পরশু অতি-আক্রমণাত্মক মানসিকতার কারণেই তাদের হারতে হয়েছে। জিতলে ৩ পয়েন্টে এগিয়ে যেতে পারত সিটি। ড্র করলেও এগিয়ে থাকত ১ পয়েন্টে। কিন্তু মানচিনির দল সান্ডারল্যান্ডের কাছে হেরে গেল ১-০ গোলে।সিটির ইতালিয়ান কোচের দাবি, ম্যাচের অন্তিম সময়ে করা গোলটি তাঁর দলের অতি-আক্রমণের মাশুল! ম্যাচের তখন ইনজুরি সময়ের সেকেন্ড দশেকের মতো বাকি। ঠিক তখনই পাল্টা আক্রমণে সিটির এগিয়ে যাওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দেন সান্ডারল্যান্ডের বদলি খেলোয়াড় দক্ষিণ কোরিয়ান তারকা জি ডং-ওয়ান।ম্যাচ শেষে সিটির ইতালিয়ান কোচ দুষলেন ভাগ্যকেও, ‘এই ম্যাচে আমাদের পাওনা ছিল জয়। যা ঘটল, সেটা অবিশ্বাস্য। কিন্তু এটাই ফুটবল। আমি জানি না, কতগুলো সুযোগ আমরা পেয়েছি।’ মানচিনির কণ্ঠে ক্ষোভও ঝরেছে, ‘আমাদের মতো একটি দল ম্যাচের শেষ দিকে এসে এভাবে গোল খেতে পারে না। আমাদের ১০ খেলোয়াড়ই আক্রমণে যেতে চেয়েছে। কিন্তু এটা সম্ভব নয়। গত দুটি ম্যাচে গোল না পাওয়ায় দুঃখ নেই আমার। আমার চিন্তা মাঠে খেলোয়াড়দের পরিস্থিতি বুঝতে পারা নিয়ে, যখন পাল্টা আক্রমণে আমরা নড়বড়ে। এই পরিস্থিতিতে আমাদের উন্নতি করতে হবে। আপনি যখন জিততে পারবেন না, আপনাকে নিশ্চিত করতে হবে, হারা যাবে না।’রিপ্লে দেখিয়েছে, সান্ডারল্যান্ডের জয়ের নায়ক ওয়ান অফসাইডে ছিলেন। মানচিনির কথা, ‘গোলটি ছিল অফসাইড। কিন্তু রেফারি এটা দেখেইনি। আমি ফুটবলটা বুঝি। এ কারণেই শেষের ১৫ মিনিট ডিফেন্ডারদের লাইন এবং মনোযোগ ধরে রাখার জন্য গলা ফাটিয়েছি।’হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আজ আবার মাঠে নামতে হচ্ছে মানচিনির দলকে। কাজটা খুবই কঠিন। সান্ডারল্যান্ড কোচ মার্টিন ও’নিল দাঁড়াচ্ছেন সিটির পাশে, ‘আমি এখন সিটির কথা ভাবছি। এমনকি তাদের খেলোয়াড়দের কথাও। মাত্র দেড় দিনের বিশ্রাম নিয়েই তাদের লিভারপুলের বিপক্ষে খেলতে হচ্ছে।’ এএফপি।