চার ম্যাচে ২৫ গোল খেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না বাংলাদেশ। এশিয়া কাপ হকিতে টানা চতুর্থ ম্যাচে হেরেছে আজ। ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে পরাজয়ের ব্যবধান ৩-০। এরই মধ্যে চার ম্যাচে বাংলাদেশের ২৫ গোল হজম করা সারা।

গ্রুপ পর্বে টানা হারের পরও পঞ্চম হওয়ার একটা সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল জাপানের কাছে হেরে। এখন সপ্তম স্থানের জন্য আগামীকাল লড়তে হবে চীনা তাইপের সঙ্গে।

পুরো এশিয়া কাপেই যেন অচেনা এক বাংলাদেশ খেলছে। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন, বিশ্ব হকি লিগের দুই রাউন্ডের সাফল্যও আড়ালে চলে গেছে জিমি-চয়নদের এমন পারফরম্যান্সে। রক্ষণভাগ দুর্বল। মাঝমাঠ বলেও কিছু দেখা যায়নি। ছিল ভুলপাসের ছড়াছড়ি। যা-ও দু-একটি সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ডরা, ফিনিশিং ছিল খুবই দুর্বল। বাংলাদেশের খেলার ধরন দেখে টেলিভিশন ধারাভাষ্যকারেরা বেশ কয়েকবারই কোচ নাভিদ আলমের কৌশলের সমালোচনাও করলেন।

ম্যাচের প্রথম পাঁচ মিনিট যা একটু খেলেছে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলে ম্যাচের তিন মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করতে পেরেছিল। কিন্তু সেটিকে গোলে অনুবাদ করতে পারেননি অধিনায়ক মামুনুর রহমান চয়ন। এরপর থেকেই শুরু জাপানের আধিপত্য। পুরো ম্যাচে বাংলাদেশ পাত্তাই পায়নি। আট মিনিটে জাপানকে প্রথম এগিয়ে নেন তসিরো তাসিবানা। ম্যাচের ২৪ মিনিটে গোলটি শোধ করার দারুণ সুযোগ পেয়েও সেটি নষ্ট করেন পুস্কর খীসা। দুই মিনিট পর প্রতি-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের অধিনায়ক কোজি কাইয়ুকাবা। প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা জাপান দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক খেলে। তবে গোলরক্ষক জাহিদের দারুণ পারফরম্যান্সে সুযোগগুলো বেশি কাজে লাগাতে পারেনি জাপান। ম্যাচের ৬৭ মিনিটে তৃতীয় গোলটি করেন তাসিরোই।

পুরো ম্যাচে ১২ বার গোল পোস্টে হিট করে জাপান, বাংলাদেশ মাত্র দুবার। গোলমুখে ১৯ বার জাপান বল ঢোকাতে পারলেও বাংলাদেশ ৮ বার বল পাঠায়। আর ম্যাচের ৭৩ ভাগ বল দখলে ছিল জাপানের, ২৭ ভাগ বাংলাদেশের। ছয়টি পেনাল্টি কর্নার থেকে জাপান একটি গোল করলেও একটি পেনাল্টি কর্নার পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।