চার যুগ পর নেইমারের সান্তোস
সোনালি ট্রফির আভায় যেন চোখ আটকে গিয়েছিল পেলের। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে লিবার্তোদোরেস কাপের ট্রফি থেকে চোখই সরাতে পারছিলেন না। ছোট্ট অনুষ্ঠানের একপর্যায়ে আসন থেকে উঠে ট্রফিটা জড়িয়ে ধরলেন। এমনভাবে যেন নেইমার-গানসোরা তাঁর জন্য এটা নিয়ে এসেছেন!ম্যাচ শেষে ম্যাচ শুরুর আগের এই অংশটা ছিল একটা ট্রায়াল। নিজেদের মাঠে ফাইনালের দ্বিতীয় লেগে পেনারলকে ২-১ গোলে হারিয়ে সত্যিই যে পেলেকে লিবার্তোদোরেস কাপের শিরোপা উপহার দিয়েছেন নেইমার-গানসোরা। উরুগুয়ের ক্লাব পেনারলের মাঠে প্রথম লেগটা হয়েছিল গোলশূন্য ড্র।পেনারলের মাঠে যাওয়ার আগে সান্তোসের অনুশীলনে গিয়ে নিজের পুরোনো ক্লাবের বর্তমান আশা-ভরসার প্রতীক নেইমারকে সাহস দিয়ে এসেছিলেন। লিবার্তোদোরেস কাপ শিরোপা-খরা কাটানোর কথা বলেছিলেন। এর আগে দুটি লিবার্তোদোরেস কাপ জিতেছে সান্তোস। দুটিই পেলে-যুগে (১৯৬২ ও ’৬৩ সালে)।চার যুগ পর সান্তোসকে লিবার্তোদোরেসের শিরোপা জেতালেন নেইমার। উরুগুয়েতে প্রথম লেগে ভালো খেলেও গোল পাননি। দ্বিতীয় লেগে তিনি গোল করলেন। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন নেইমার। তাঁর গোলটি ছিল দলীয় প্রচেষ্টার অসাধারণ এক উদাহরণ। মাঝমাঠে প্লে-মেকার পাওলো হেনরিক গানসো বল পেয়েই দিয়ে দেন মিডফিল্ডার অরুকাকে। তাঁর কাছ থেকেই বল পেয়ে দর্শনীয় শটে গোল করেন নেইমার।৬৯ মিনিটে সান্তোসের দ্বিতীয় গোলটি ছিল ড্যানিলোর একক নৈপুণ্যে। মিনিট দশেক পর পেনারল একটি গোল শোধ দেয়। সেটিও সান্তোস ডিফেন্ডার ডুরভালের আত্মঘাতী।পেনারল পাঁচবার জিতেছে কোপা লিবার্তোদোরেস, সর্বশেষ ১৯৮৭ সালে। এবার এত কাছে গিয়েও না পারাটা পেনারলের সমর্থকেরা মেনে নিতে পারেনি। ম্যাচ শেষেই মাঠে নেমে খানিকক্ষণ গোলমাল করেছে তারা। মাঠে নেমে এসেছিলেন পেলেও। নেইমার-ড্যানিলোর এত আনন্দ দিয়েছে, ম্যাচ শেষে তাঁদের অভিনন্দন না জানিয়ে কি পারেন ফুটবলসম্রাট? সবার সঙ্গে আনন্দ করতে করতেই বলে গেছেন, ‘নেইমার খুব প্রতিভাবান খেলোয়াড়।’নেইমার-গানসো-ড্যানিলোর প্রতিভা কিংবা পেলের উৎসাহ, শিরোপা যে কারণেই আসুক; সান্তোস কোচ মুরিসি রামালহো মনে করেন এটা তাঁর প্রাপ্যই। ‘আমি বহু বছর ধরে এই শিরোপাটা জেতার চেষ্টা করে যাচ্ছি। শিরোপাটা আমার প্রাপ্যই’—বলেছেন সাও পাওলো, সাও কায়েতানো ও ফ্লুমিনেন্সের সাবেক কোচ। এএফপি।