চার শতাধিক রান চান কারস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে শুরুতেই হোঁচট খেয়েছে ভারত। সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অল আউট হওয়ার পর তারা টেস্টটাও হেরে গেছে ইনিংস ও ২৫ রানের বিশাল ব্যবধানে। এখন সিরিজে ফেরার জন্য ডারবানে দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে। আর ডারবান টেস্টে প্রথম ইনিংসে ৪০০-র বেশি রান না করতে পারলে এ জয় পাওয়াটা বেশ কঠিনই হবে বলে মনে করছেন ভারতের কোচ গ্যারি কারস্টেন। তিনি বলেছেন, ‘উইকেটে যখনই যে থাকবে, তাকে চেষ্টা করতে হবে লম্বা ইনিংস খেলার। প্রথম ইনিংসে আমাদের অবশ্যই ৪০০-র বেশি রান করতে হবে। এ ছাড়া আমরা আবারও চাপের মুখে পড়ে যাব।’ সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের চেয়েও ভারতকে বেশি ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। পেসার স্বর্গ সেঞ্চুরিয়নের উইকেটে ডেল স্টেন, মরনে মরকেলরা যখন ব্যাটসম্যানদের সব সময়ই চাপের মুখে রেখেছেন, তখন শ্রীশান্ত, ইশান্ত শর্মা, জয়দেব উনাদকাটরা একেবারেই পাত্তা পাননি প্রোটিয়াস ব্যাটসমানদের কাছে। ৬২০ রানের বিনিময়ে তাঁরা শিকার করতে পেরেছেন মাত্র চারটি উইকেট। ক্যালিস, আমলা, ডি ভিলিয়ার্সরা রীতিমতো ছেলেখেলা করেছেন ভারতীয় বোলারদের নিয়ে। দলের প্রধান পেসার জহির খানের অনুপস্থিতিটাও হাড়ে হাড়েই টের পেয়েছে ভারতীয় শিবির। দ্বিতীয় টেস্টে জহির আবার মাঠে নামতে পারবেন বলে আশা করছেন অনেকেই। কিন্তু গতকাল ভারতের অনুশীলনে জহিরকে দেখা যায়নি। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কারস্টেন বেশ জোর দিয়েই বলেছেন, ‘জহির পুরোপুরি সুস্থ। তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’ ভারতের বোলিং আক্রমণের সমালোচনার জবাবে তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘টেস্ট জিততে হলে ২০টা উইকেট নেওয়ার বিকল্প নেই। আর আগেও দেখা গেছে, যেকোনো কন্ডিশনেই ২০টি উইকেট নেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে।’ভারতের আরেকটা বড় দুশ্চিন্তার নাম ডারবানের সবুজ উইকেট। দ্রুতগতির বাউন্সি এই উইকেটে বরাবরই নাকাল হতে হয়েছে ব্যাটসম্যানদের। অবশ্য এখানেও বেশ কিছু ভালো ইনিংস খেলার অভিজ্ঞতা আছে কারস্টেনের। ব্যাট হাতে মাঠে না নামলেও তাঁর এ অভিজ্ঞতাগুলোই হয়তো অনেকখানি সাহায্য করবে ভারতীয় ব্যাটসম্যানদের। টাইমস অব ইন্ডিয়া।