
আমার ১৫ বছর বয়সী ছেলে অস্টিন ক্রিকেট খুব ভালোবাসে, খেলাটার নিয়মিত খোঁজখবরও রাখে। আমাকে যদি কেউ বলে ওর সামনে একটা আদর্শ দাঁড় করিয়ে দিন—আমি বিরাট কোহলিকে বেছে নেব। আমার দৃষ্টিতে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়েই কোহলিই এখন সেরা ব্যাটসম্যান। গ্রীষ্মের শুরুতে অস্ট্রেলিয়ায় আসার পর থেকে এই পর্যন্ত একবারও সে ভুল জায়গায় পা ফেলেনি। তবে আমার মনে হয় গত মঙ্গলবারের ঘটনায় কোহলি আরেকটু পরিণত আচরণ করতে পারত।
সংবাদমাধ্যমের একটা দায়িত্ব আছে এবং প্রত্যেক সাংবাদিকেরই নিজস্ব মতামত থাকে। কোনো মতের সঙ্গে কেউ একমত না-ই হতে পারে, তাই বলে সেটিকে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কোহলি খুবই ভালো খেলোয়াড়, হতে পারে একজন প্রেরণাদায়ী আদর্শও। আশা করি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ঠিক বুঝতে পারবে তাকে সমালোচনা করে লেখা ওই প্রতিবেদনটি আসলে পৃথিবীর বিশালত্বের কাছে কিছুই নয়।
এখন পর্যন্ত হওয়া সব ম্যাচ জেতার ঈর্ষণীয় সাফল্য নিয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় দল। তিনটি ম্যাচ তারা জিতে গেছে প্রায় নির্বিঘ্নেই। প্রথম ম্যাচ থেকেই তাদের খুব ক্ষিপ্র মনে হয়েছে, বোঝা গেছে তাদের জয়ের আকাঙ্ক্ষাটা খুব তীব্র। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আগে থেকে কিছু বলার উপায় নেই। কিন্তু ভারত যদি আবারও নির্দয় হয়ে ওঠে, তাদের ওপর চাপ সৃষ্টি করে, ওয়েস্ট ইন্ডিজের সহজাত ক্ষমতাটা তখন আর থাকবে না।
এম এস ধোনির দলের জন্য আরেকটা বাড়তি সুবিধা তাদের ব্যাটিং ফর্ম এবং আগের তিন ম্যাচেই সেটা দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের অনভিজ্ঞ বোলিং আক্রমণের সামনেও তারা নিশ্চিত সেটা ধরে রাখতে চাইবে। তা ছাড়া ভারত নিয়মিত বিরতিতে ম্যাচ খেলে এবং পার্থে গত সপ্তাহেও খেলেছে। কাজেই কালকের ম্যাচটা তারা শুরু করবে পরিষ্কার ফেবারিট হিসেবে।
এবার একটু অস্ট্রেলিয়া প্রসঙ্গে আসি। আফগানিস্তানের বিপক্ষে চার শর বেশি রান করাটা তাদের মনোবল চাঙা করবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়া ঠিক অস্ট্রেলিয়ার মতো খেলেনি। মাঝে দুই সপ্তাহের বিরতি কাটিয়ে ফেরা দলটার মধ্যে যেন মরচে ধরে গিয়েছিল, ধৈর্যেরও অভাব ছিল। এক উইলিয়ামসন বাদে দুই দলের সবার ব্যাটিংই হয়েছে চূড়ান্ত এলোমেলো। মিচেল মার্শ-জেমস ফকনারের সমন্বয়টা দেখতে শেন ওয়াটসনকে খেলায়নি অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপে ওয়াটসন আর কোনো ম্যাচ খেলার সুযোগ পায় কি না তা নিয়ে আমার সংশয় আছে। কারণ ওই দুই তরুণকে আরও কিছু ম্যাচে নিয়ে ক্লার্ক হয়তো তাদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ দিতে চাইবে।
ডেভিড ওয়ার্নার কাল শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরিটা পায়নি। তবে বিশ্বকাপে আমরা আরও একটা দেড় শ ছাড়ানো ইনিংস দেখলাম। কিছু নিয়মের পরিবর্তন, যেমন—বৃত্তের ভেতর বাড়তি ফিল্ডার রাখা, পাওয়ার প্লের ওভার বাড়ানো এবং ফ্রি-হিট—এই সব মিলিয়েই আসলে ব্যাটসম্যানদের জন্য ও রকম ভয়ডরহীন ব্যাটিং করাটা সহজ হয়ে গেছে। ব্যাটসম্যান-শাসিত এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটাকে ব্যতিক্রমই বলতে হয়। (গেমপ্ল্যান)
আজকের খেলা
বাংলাদেশ-স্কটল্যান্ড
(ভোর ৪টা, নেলসন)
আগামীকালের খেলা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
(দুপুর ১২-৩০ মি., পার্থ)
গতকালের ফল
পাকিস্তান: ৫০ ওভারে ৩৩৯/৬
আরব আমিরাত: ৫০ ওভারে ২১০/৮
ফল: পাকিস্তান ১২৯ রানে জয়ী
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৪১৭/৬
আফগানিস্তান: ৩৭.৩ ওভারে ১৪২
ফল: অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী