চার শর জন্য বিলম্বিত আফসোস

অভিষেক টেস্ট তো কী হয়েছে, চাপটাপ কিছুই নেননি আল আমিন হোসেন। উইকেট পান আর না পান, ঠিক জায়গায় বল করে যাওয়ারই প্রতিজ্ঞা ছিল। সতীর্থরা তবু পিঠ চাপড়ে দিয়ে বলেছিল, বলে ইনসুইং হয়। নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যানদের উইকেট নেওয়াটা সহজ হবে তাঁর জন্য। সব বাঁহাতির উইকেট আল আমিন হয়তো নেননি, নিয়েছেন আসল জনেরটাই। সেঞ্চুরি করে দানব হয়ে ওঠা কোরি জেমস অ্যান্ডারসনকে তো ফিরিয়েছেন তিনিই!
আল আমিন খুবই খুশি, ‘প্রথম উইকেট পাওয়ার আনন্দই আলাদা। তার ওপর সেটা যদি হয় অ্যান্ডারসনের মতো কারও। দলের সবাই আগেই বলেছিল বাঁহাতিদের উইকেট নেওয়াটা সহজ হবে আমার জন্য।’
নবাগত আল আমিনকে কাজে লাগানোর এই একটা জায়গায় সফল হলেও ঢাকা টেস্ট ক্রমেই যেন কঠিন হয়ে উঠছে বাংলাদেশের জন্য। চট্টগ্রামে দাপুটে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টও স্বপ্নের খোরাক হয়েছিল সবার। কিন্তু তৃতীয় দিনের পর জয় দিয়ে উদ্যাপন নয়, ড্রতেই সাফল্য খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ দল। কাল দিন শেষের সংবাদ সম্মেলনে ম্যাচ বাঁচানোর কথা বললেন নাসির হোসেনও, ‘ম্যাচের এখনো দুই দিন বাকি। আর সবচেয়ে বড় কথা হলো টেস্টে প্রতি সেশনেই খেলায় পরিবর্তন আসে। এখনো ম্যাচে অনেক কিছুই বাকি আছে। আশা করি, আমরা ম্যাচটা বাঁচাতে পারব।’ তবে আশার সঙ্গে জুড়ে দিলেন একটা শর্তও, ‘প্রথমত, ওদের দ্রুত অলআউট করতে হবে। লিড কোনোভাবেই ১৬০-এর বেশি হতে দেওয়া যাবে না। সে সঙ্গে দ্বিতীয় ইনিংসে আমাদেরও ভালো ব্যাটিং করে ৩০০-৩৫০ রান করতে হবে। শেষ দিনে অন্তত প্রথম সেশন পর্যন্ত ব্যাটিং করতে হবে। তাহলে ওদের ওপর আমরা দুই সেশন চাপ দিতে পারব।’
নাসিরও এখন স্বীকার করছেন, প্রথম ইনিংসে আরও ১০০ রান করা উচিত ছিল তাঁদের। ৪০০-এর কাছাকাছি রান হলে সম্ভাবনার পাল্লা দুই দিকেই সমান ঝুঁকে থাকত। সেটা হয়নি কয়েকজন ব্যাটসম্যানের শট নির্বাচনে ভুলের কারণে। আর নিউজিল্যান্ডকে যে ৪০০-এর আগে আটকানো গেল না, তার দায় দিলেন উইকেটকে, ‘রোদ থাকলে উইকেট ফাটত। তখন স্পিনাররা টার্ন পেত। কিন্তু বৃষ্টির কারণে তা হয়নি। বল অনেক সুন্দর ব্যাটে আসছে। খেলতে কোনো সমস্যা হচ্ছে না।’
চট্টগ্রামে দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন সোহাগ গাজী। ঢাকায় কাল পর্যন্ত উইকেটশূন্য। নিউজিল্যান্ডকে আটকাতে না পারার এটাও একটা কারণ কি না, সে প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে। নাসির অবশ্য পাল্টা বললেন, ‘চট্টগ্রাম টেস্টে কিন্তু সাকিব ভাই খুব বেশি উইকেট পাননি, এই টেস্টে পেয়েছেন। প্রতিদিন সবাই ভালো করতে পারে না। আজ (গতকাল) সাকিব ভাই পারলেন, কাল হয়তো (সোহাগ) গাজী পারবে।’ সেটা আরও বেশি করে সম্ভব হতে পারে মিরপুরের আকাশে কালও আজকের (কাল) মতো রোদ থাকলে।’
সোহাগের ৩৪ ওভারেও কাজ হয়নি। তবে নাসির তিন ওভার বল করেই পেয়েছেন ১ উইকেট। নাসিরের এর পর আর বল না করার কারণটা বেশ মজার, ‘মুশফিক ভাই আমাকে বোলিংয়ে আনেনই ব্রেক থ্রুর জন্য। উইকেট পেলে আমি নিজেই বলি যে আমি আর বোলিং করব না।’
আরেকবার ব্যাটিংয়ে নামার আগে এখন নিউজিল্যান্ডকে অলআউট করাটাই চ্যালেঞ্জ বাংলাদেশ দলের জন্য। তবে সবার আগে ভাঙতে হবে উইকেটে গেড়ে বসা ওয়াটলিং-সোধির নবম উইকেট জুটিটা। কে ভাঙবেন সে জুটি? সাকিবই কি নিজেকে ছাড়িয়ে যাবেন আরও, নাকি অতৃপ্তি ঘোচাবেন সোহাগ? কিংবা আল আমিনও অভিষেক টেস্টে যোগ করে নিতে পারেন আরও একটা উইকেট। আর তাঁদের সবাই ব্যর্থ হলে নাসির তো আছেনই!