চার শর ম্যাচ ৪ রানে জিতল রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংস শেষ হতেই গ্যালারি ছাড়তে শুরু করল অনেক দর্শক। দুরন্ত রাজশাহীর দুরন্ত ব্যাটিং দেখে অনেকেই যথেষ্ট বিনোদিত বোধ করেছিল বোধ হয়! তবে ঘরে ফিরে এদের আফসোসই করতে হয়েছে। রাজশাহীর রেকর্ড স্কোরের সঙ্গে পেরে না উঠলেও এমএ আজিজের ব্যাটিং উইকেটে বরিশাল বার্নার্স লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। বিপিএল তাই প্রথমবার দেখল ৪০০ রানের ম্যাচ। প্রথম ম্যাচে ৯৯ করেও অসাধারণ সেই জয়ের পর রাজশাহী ছিল হারের বলয়ে। টানা তিন ম্যাচ হেরে কাল আবার জয়ে ফিরল বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। রাজশাহীর উত্থানে বরিশাল নেমে গেল পয়েন্ট টেবিলের তলানিতে (৫ ম্যাচে ২ পয়েন্ট)।রাজশাহীর উদ্বোধনী জুটিই আসলে গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। যদিও জুটির দুজনের ব্যাটিং ছিল পুরো বিপরীত। চার্লস কভেন্ট্রির ব্যাট শুরু থেকেই ছিল উন্মত্ত। ম্যাচের দ্বিতীয় বলে চার দিয়ে শুরু করলেও তামিম ইকবালের শুরুতে টাইমিং সেভাবে হচ্ছিল না। তবে উইকেট না ছুড়ে সঙ্গ দিয়ে গেছেন কভেন্ট্রিকে। জিম্বাবুইয়ান ব্যাটসম্যানকে অফ স্টাম্পের বাইরে ক্রমাগত শর্ট বল, হাফভলি দিয়ে গেছেন বরিশালের বোলাররা। আর প্রিয় জায়গায় বল পেয়ে মনের সুখে ছাতু বানিয়েছেন ওয়ানডের একসময়কার সর্বোচ্চ ইনিংসের মালিক। পঞ্চাশ ছুঁয়েছেন ২০ বলে। ৭ চার ও ৪ ছক্কায় ২৫ বলে ৬২ করে শেষ পর্যন্ত বোল্ড হয়েছেন অলক কাপালির নিচু হয়ে যাওয়া এক স্লাইডারে। কভেন্ট্রি যখন ফিরলেন, দলের রান ৭ ওভারে ৮৫ আর তামিমের ১৮ বলে ১৭। ওয়ানডাউনে নামা সাইমন ক্যাটিচকে টানা তিন ৪ মারতে দেখে হয়তো ঘুম ভাঙে তামিমের। নাজমুল অপুর এক ওভারে ২ ছয় ১ চারে নেন ১৯। পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ৩৬ বলে। ৩ চার ও ৫ ছয়ে ৪৭ বলে ৬৬ করে তামিমও একইভাবে অলকের শিকার। শেষের দিকে শন আরভিনের ১১ বলে ৩০ রাজশাহীকে এন দেয় রেকর্ড স্কোর। আগের সর্বোচ্চ ২০৮ রানও ছিল বরিশালের বিপক্ষে, গতবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের। হজ (১৬ বলে ২৩), সাব্বির (১৩ বলে ২৮), ডেনলিরা (২১ বলে ৩১) বড় ইনিংস খেলতে না পারলেও রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। আর আজহার মেহমুদের ২৮ বলে ৫৪ বরিশালকে আশা দেখাচ্ছিল প্রায় অসম্ভবকে সম্ভব করার। কিন্তু পেরে ওঠেনি শফিউল (১৩ বলে ২৫) শেষ ওভারে ২২ রান তুলেও।