চার শ্যুটিং-কন্যার লন্ডন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিক থাকলে ১৬ এপ্রিল লন্ডন যাবেন চার শ্যুটিং-কন্যা। তাঁরা হলেন শারমিন আক্তার (রত্না), শারমিন আক্তার, তৃপ্তি দত্ত ও সাদিয়া সুলতানা। লন্ডনের অদূরে বিসলে শ্যুটিং রেঞ্জে ১৪ সপ্তাহ প্রশিক্ষণ নেওয়ার কথা রয়েছে এই শ্যুটারদের। এই রেঞ্জেই ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সে সময়ের কিশোর আসিফ হোসেন খান। জুলাইয়ে লন্ডনে শুরু অলিম্পিক গেমস সামনে রেখে এবার এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এর আগে গত অলিম্পিক সামনে রেখে চীনে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল শ্যুটার আসিফকে। এ ছাড়া আর কোনো ইভেন্টে এভাবে প্রাক-অলিম্পিক প্রশিক্ষণে পাঠানোর উদাহরণ নেই বাংলাদেশে। সে হিসেবে এবার একসঙ্গে চারজনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানোর উদ্যোগ ব্যতিক্রমীই।আসছে অলিম্পিকে বাংলাদেশ থেকে কতজন খেলোয়াড় সুযোগ পাবেন, তা এখনো নিশ্চিত নয়। অলিম্পিকে খেলার যোগ্যতা-নির্ধারণী বিভিন্ন প্রতিযোগিতা হয়। সেসব প্রতিযোগিতা থেকে যোগ্যতা অর্জন শ্যুটিং ছাড়া আর কোনো ইভেন্টেই সম্ভব বলে মনে করা হয়নি কখনো। তবে শ্যুটাররাও সেই যোগ্যতা পাননি। এখন ভরসা ওয়াইল্ড কার্ড। মানে বিশেষ বিবেচনায় অংশ নেওয়ার সুযোগ। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় ওয়াইল্ড কার্ড পেয়েছেন। তিনি হচ্ছেন সাঁতারু মাহফিজার রহমান (সাগর)। শ্যুটিংয়ে একটি ওয়াইল্ড কার্ড পাওয়া নিশ্চিত। বাংলাদেশ শ্যুটিংয়ে আরও একটি ওয়াইল্ড কার্ড চেয়েছে। তবে বিবেচনার জন্য পাঠানো হয়েছে লন্ডনে প্রশিক্ষণ নিতে যাওয়া চারজনের নামই। এ ছাড়া জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ সাইক সিজার, তায়কোয়ান্দোতে শ্রাবণী বিশ্বাসের নাম বিবেচনার জন্য পাঠানো হয়েছে। অ্যাথলেটিকসে শেষ মুহূর্তে একটি ওয়াইল্ড কার্ড পাওয়া যেতে পারে, এমনই আশা বিওএর।বিওএর সিইও মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাল জানিয়েছেন, চার শ্যুটারের মধ্যে যাঁদের নামে ওয়াইল্ড কার্ড আসবে তাঁরা লন্ডনে প্রশিক্ষণ ক্যাম্প থেকে সরাসরি অংশ নেবেন অলিম্পিকে। অন্যরা ফিরে আসবেন দেশে। দলের সঙ্গে যাচ্ছেন কোচ শোয়েবুজ্জামান।বিসলে শ্যুটিং রেঞ্জে বাংলাদেশের এই চার শ্যুটার সপ্তাহে পাঁচ দিন অনুশীলন করবেন। ওই রেঞ্জের কোনো একজন কোচ সপ্তাহে দুই দিন এক ঘণ্টা করে প্রশিক্ষণ দেবেন। তাঁকে প্রতি ঘণ্টায় ১৮০ পাউন্ড দিতে হবে। বাকি সময়টা বাংলাদেশি কোচই অনুশীলন দেখাশোনা করবেন। পুরো আয়োজনে খরচ হবে ৫৫ হাজার পাউন্ড। যুক্তরাজ্য সরকার দিচ্ছে ২৫ হাজার পাউন্ড। ১০ হাজার পাউন্ড দেওয়ার কথা স্থানীয় প্রতিষ্ঠান ক্যানারি ওয়ার্ফের। লন্ডনের মেয়রের কিছু আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।