চার সাঁতারুকে নিয়ে বিতর্ক
প্রতিটি ইভেন্টে সোনা জিতলে ছয় হাজার টাকা। রেকর্ড গড়ে জিতলে বাড়তি আট হাজার করে প্রণোদনা পুরস্কার দেওয়ার রেওয়াজ আছে বাংলাদেশ আনসারের। কিন্তু গত কয়েক বছর এমন কোনো পুরস্কারই পাননি বলে অভিযোগ তুলে সাঁতারু সোনিয়া আক্তার (টুম্পা), নাজমা খাতুন, লাকী আক্তার ও মাহফুজা খাতুন দীর্ঘদিনের ক্লাব আনসার ছেড়ে যোগ দিয়েছেন নৌবাহিনী সাঁতার দলে। কিন্তু এটাই বাংলাদেশ গেমসে তাঁদের অংশগ্রহণের সামনে বসিয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন।চার সাঁতারুর নৌবাহিনীতে যোগ দেওয়াকে সহজভাবে নেননি আনসারের কর্মকর্তারা। বাংলাদেশ গেমসে যাতে তাঁরা অন্য দলে খেলতে না পারেন, সে জন্য ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি দিয়েছে আনসার। গত ফেব্রুয়ারিতে আনসার থেকে পাওয়া রাষ্ট্রপতি সেবাপদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছেন নাজমা খাতুন ও সোনিয়া আক্তার। আনসারের দাবি, নিয়মিত বেতন-ভাতা ও রেশনসামগ্রীও দেওয়া হচ্ছে তাঁদের। কিন্তু এর পরও তাঁরা নৌবাহিনীতে যোগ দিয়ে বাহিনীর শৃঙ্খলা ভেঙেছেন। আর তাই তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে আনসার কর্তৃপক্ষ। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন সোনিয়া, ‘অন্য কেউ ভালো সুযোগ-সুবিধা দিলে আমরা সেখানেই যাব। আমরা আনসার কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র দিয়েছি। ডিজি স্যারের সঙ্গেও কথা বলেছি। আমাদের ক্যারিয়ারের কথা ভেবে আশা করি ওনারা কোনো কঠোর সিদ্ধান্ত নেবেন না।’