
জাতীয় দলে সুযোগ না পাওয়ার জ্বালাই যেন জুড়াচ্ছেন শাহরিয়ার নাফীস, নাঈম ইসলামরা। ফরহাদ রেজা টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্ট দলে তো ব্রাত্যই। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতির পর আবার ঘরোয়া ক্রিকেট শুরুর প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তিন ব্যাটসম্যান। সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর সানজামুল ইসলামও। তবে সবাইকে ছাপিয়ে গেছেন ফরহাদ। এ ডানহাতি এখন ডাবল সেঞ্চুরির পথে। অবশ্য প্রথম দিনে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই-ই ছিলেন ব্যর্থ। বল হাতে শুধু সাফল্য পেয়েছেন আবদুর রাজ্জাক।
কক্সবাজারে ঢাকা মহানগরের বিপক্ষে ২৭.৫ ওভার বল করে ৭৮ রানের বিনিময়ে চারটি উইকেট পেয়েছেন রাজ্জাক। বাঁ-হাতি এই স্পিনারের ভালো বোলিংয়ে ঢাকা মহানগরের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৭২ রানে। আজকের চারটি ম্যাচের মধ্যে এটিই সর্বনিম্ন স্কোর। সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন গত আইসিসি যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান করে আসা ঢাকা মহানগরের ওপেনার সাদমান ইসলাম। দিন শেষে খুলনার সংগ্রহ ২১ ওভারে ১ উইকেটে ৪৬।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ও বরিশাল বিভাগের ম্যাচটির প্রথম দিনটি নিজের করে নিয়েছেন বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফীস। তিন নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ১২৯ রানের দারুণ এক ইনিংস। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন নুরুজ্জামান। চতুর্থ উইকেটে তাঁদের গড়া ১৫৭ রানের জুটির সুবাদে ভালো অবস্থান তৈরি করেছে বরিশাল। ৭৯.২ ওভারে অলআউট হওয়ার আগে বরিশাল ৩২৩ রান তুলেছে। নুরুজ্জামান সাজঘরে ফেরার আগে করেছেন ৭৯ রান। বরিশালের রান রেট ছিল চারের ওপর। ঢাকা বিভাগের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম ও নাজমুল অপু। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকার সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ১৪।
বিকেএসপির তিন নম্বর মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী বিভাগ। ৭৭ রানে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেট জুটিতে রেকর্ড ৩৪৭ রান তোলেন ফরহাদ রেজা ও সানজামুল ইসলাম। সপ্তম উইকেটে সর্বোচ্চ তো বটেই, সামগ্রিকভাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। দিন শেষে ফরহাদ অপরাজিত ছিলেন ১৮২ রানে, সানজামুল ফিরেছেন ১৭২ রানে। ৭৭ রানে প্রথম ৬ উইকেট হারিয়ে ফেলেছিল যে রাজশাহী, তারাই প্রথম দিনটা শেষ করেছে ৭ উইকেটে ৪২৪ রান নিয়ে। রানরেট বেশ ভালো (৪.৭৬)।
ফতুল্লায় রাজশাহীর মতো রংপুর বিভাগের শুরুটাও হয়েছিল ব্যাটিং বিপর্যয় দিয়ে। সিলেট বিভাগের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ৫৭ রানেই তারা হারিয়েছিল পাঁচ উইকেট। তবে প্রাথমিক এই বিপর্যয় রংপুর কাটিয়ে উঠেছে নাঈমের সেঞ্চুরিতে ভর করে। তানভীর হায়দারকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৯৯ রানের জুটি গড়েন নাঈম। ২৮৯ বলে ১৪৪ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলেন। তানভীর উইকেটে আছেন ৬২ রানে। দিন শেষে রংপুরের সংগ্রহ ৯০ ওভারে ৭ উইকেটে ২৫৬। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
এ ছাড়া আজ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম আউট হয়েছেন ৮ রান করে। জাতীয় দলের তিন নিয়মিত সদস্য মাহমুদউল্লাহ করেছেন ১৬, নাসিরের ব্যাট থেকে এসেছে ২, শামসুর রহমান করেছেন ২৫ রান।