চার সেঞ্চুরির দিনে ফরহাদ-সানজামুল

টি-টোয়েন্টি বিশ্বকাপটা প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়েছিল ফরহাদ রেজাকে। প্রশ্ন উঠেছিল তাঁর অলরাউন্ড সত্তা নিয়েই। ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই খেই হারিয়ে ফেলেছিলেন। বিশ্বকাপ শেষ হয়েছে, আবার মাঠে ফিরেছে জাতীয় লিগ। ব্যর্থতা ভুলে ফিরেছেন ফরহাদ রেজাও। ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটায় সবচেয়ে জ্বলজ্বলে নামটা রাজশাহীর এই অলরাউন্ডারই। সপ্তম উইকেটে তাঁর ও সানজামুল ইসলামের রেকর্ড ৩৪৭ রানের জুটিই যে প্রথম দিনের হাইলাইটস। ক্যারিয়ার-সর্বোচ্চ ১৮২ রান করে অপরাজিত আছেন ফরহাদ, সানজামুল আউট হয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১৭২) করে। চট্টগ্রামের বিপক্ষে রাজশাহী দিন শেষ করেছে ৭ উইকেটে ৪২৪ রান নিয়ে।
অথচ কাল বিকেএসপিতে কী ভয়ংকরই না ছিল রাজশাহীর শুরুটা। টস জিতে ব্যাট নেওয়াটাকে নির্ঘাত ভুল সিদ্ধান্ত ভাবছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। লাঞ্চের আগের শেষ ওভারের প্রথম বলে অধিনায়ক যখন মাত্র ৮ রান করেই আউট হলেন, দলের ৬ উইকেট নেই, রান মাত্র ৭৭। এরপরের পুরো গল্পই ফরহাদ-সানজামুলের। ৩৭৫ বলে ৩৪৭ রান। রানের ফুলঝুরি ছোটানো জুটিটা সপ্তম উইকেটে বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণীতে সর্বোচ্চ, সব দেশ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ফরহাদ-সানজামুল পেছনে ফেলেছেন ২০০৬-০৭ মৌসুমে বরিশালের রকিবুল হাসান ও আরিফুল হকের ২৩৮ রানকে। ৪২৪ রান জাতীয় লিগে এক দিনে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ।
১৯৬ বলে ২২ চার ও ২ ছয়ে ১৭২ রান করেছেন বোলার হিসেবেই পরিচিত সানজামুল। ২০৯ বলে ২৬ চার ও ৫ ছয়ে ১৮২ রানে অপরাজিত ফরহাদ ৫৫ রানে একবার জীবন পেয়েছেন মেহেদী হাসানের হাতে।
কাল অন্য তিন ভেন্যুতে সেঞ্চুরি হয়েছে আরও দুটি। চট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছেন শাহরিয়ার নাফীস। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের ১২৯ রানে বরিশাল প্রথম ইনিংসে করেছে ৩২৩। দিনের প্রথম বলেই অভিষিক্ত মঈনুল ইসলামকে হারিয়ে ফেলার পরই উইকেটে আসেন শাহরিয়ার। প্রথম বলেই দৌড়ে ৩ রান। এরপর আরও ১৪২ বল খেলে ২১টি চার ও ২টি ছয় মেরেছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া বরিশাল অধিনায়ক। ১৫৭ রানের চতুর্থ উইকেটে তাঁর সঙ্গী নুরুজ্জামান করেছেন ৭৯। পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা ঢাকা বিভাগ বিনা উইকেটে ১৪ রানে শেষ করেছে দিন।
ফতুল্লা আউটারে ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি পেয়েছেন রংপুরের নাঈম ইসলাম। ২৮৯ বলে ১৭ চার ও ২ ছয়ে ১৪৪, ২০১৪ সালে নাঈমের তৃতীয় সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৫৬ রান করেছে রংপুর। ৫৭ রানেই ৫ উইকেট হারানো দলটি উদ্ধার পেয়েছে নাঈম-তানভীরের ১৯৯ রানের ষষ্ঠ উইকেট জুটিতে। ৬২ রানে অপরাজিত আছেন তানভীর হায়দার।
কক্সবাজারে ৬০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ঢাকা মহানগর অলআউট হয়েছে ১৭২ রানে। সর্বোচ্চ ৪০ রান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান সাদমান ইসলামের। খুলনার বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক নিয়েছেন ৪ উইকেট। খুলনা ১ উইকেটে করেছে ৪৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর-খুলনা, কক্সবাজার
ঢাকা মহানগর ১ম ইনিংস: ৭০.৫ ওভারে ১৭২ (সাদমান ৪০, শরীফউল্লাহ ৩৪, শামসুর ২৫, আসিফ ২৪; রাজ্জাক ৪/৭৮, নিজামউদ্দিন ৩/২৭, রাজিবুল ২/১৭, রাসেল ১/১২)। খুলনা ১ম ইনিংস: ২১ ওভারে ৪৬/১ (রবি ২৩*, ইমরুল ১৩*; মাহমুদউল্লাহ ১/১৪)
বরিশাল-ঢাকা বিভাগ, চট্টগ্রাম
বরিশাল ১ম ইনিংস: ৭৯.২ ওভারে ৩২৩ (শাহরিয়ার ১২৯, নুরুজ্জামান ৭৯, সজীব ২৮, ফজলে রাব্বি ২৩, কামরুল ২১*; শুভাগত ৩/৫৯, অপু ৩/৮৫, নূর ২/৬৮, শাহাদাত ১/৪০, সাব্বির ১/৬১)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৮ ওভারে ১৪/০ (রনি ৭*, মজিদ ৬*)।
রাজশাহী-চট্টগ্রাম, বিকেএসপি
রাজশাহী ১ম ইনিংস: ৮৯ ওভারে ৪২৪/৭ (ফরহাদ রেজা ১৮২*, সানজামুল ১৭২, ফরহাদ হোসেন ২২; মেহেদী ২/৫২, আল মামুন ২/৫৪, আকবর ২/৯৮, আফতাব ১/৪০)।
রংপুর-সিলেট, ফতুল্লা
রংপুর ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৬/৭ (নাঈম ১৪৪, তানভীর ৬২*, ধীমান ১৯; নাসুম ৫/৫৮, নাজমুল ১/২১, এনামুল জু. ১/৭২)।
প্রথম শ্রেণীর ক্রিকেটে সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি
জুটি ম্যাচ ভেন্যু মৌসুম
৪৬০ ভুপিন্দর সিং জু.-পঙ্কজ ধরমানি পাঞ্জাব-দিল্লি দিল্লি ১৯৯৪-৯৫
৩৪৭ ডেনিস অ্যাটকিনসন-ক্লেয়ারমন্ট দেপেইজা ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ব্রিজটাউন ১৯৫৪-৫৫
৩৪৭ ফরহাদ রেজা-সানজামুল ইসলাম রাজশাহী-চট্টগ্রাম বিকেএসপি ২০১৩-১৪