চার সেঞ্চুরির ম্যাচে জয়ী ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর জর্জ বেইলি। বৃথাই তাঁর ১৫৬ ষ ওয়েবসাইট
সেঞ্চুরির পর জর্জ বেইলি। বৃথাই তাঁর ১৫৬ ষ ওয়েবসাইট

তাঁরা যেন বোলিং মেশিনের মতো একের পর এক বল করে যাবেন। আর ব্যাটসম্যানরা সেসব বল ইচ্ছেমতো পেটাবেন, চার-ছয় মারবেন, সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি করবেন। নাগপুরের উইকেট কাল এতটাই অসহায় করে দিয়েছিল দুই দলের বোলারদের। কতটা অসহায় ছিলেন তার প্রমাণ—এক ম্যাচে চার সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এর আগে একবারই এমন কীর্তি দেখেছে, ১৯৯৮ সালে লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে।
ব্যাটসম্যানদের স্বর্গ সেই উইকেটে তাই পাকা সাড়ে তিন শ রান করেও হেরে গেল অস্ট্রেলিয়া। অধিনায়ক জর্জ বেইলি আর শেন ওয়াটসনের জোড়া সেঞ্চুরির জবাবে ভারতের হয়ে পাল্টা সেঞ্চুরি হাঁকালেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। ৩৫০ রান তাড়া করতে নেমে ভারত ম্যাচ জিতল ৬ উইকেটে, ৩ বল হাতে রেখে। সিরিজে ২-২ সমতা। বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় সপ্তম ও শেষ ওয়ানডেটা কার্যত রূপ নিল ফাইনালে।
রান তাড়ায় ভারতের কাজটা সহজ করে দিয়েছিলেন দুই ওপেনারই। রোহিত শর্মাকে নিয়ে ধাওয়ান গড়েছেন ১৭৮ রানের জুটি। ৩০তম ওভারে ব্যক্তিগত ৭৯ রানে রোহিত ফিরে গেলেও ধাওয়ান থেমেছেন সেঞ্চুরি করেই। তখনো জয় থেকে বেশ দূরে ভারত। তবে ৬৬ বলে অপরাজিত ১১৫ রানের অসাধারণ ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন কোহলি।
এর আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং পুরোটাই যেন বেইলি আর ওয়াটসনের তাণ্ডবের গল্প। মাত্র ৪৫ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় উইকেটে এ দুজনের ১৬৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ১০২ রান করে ওয়াটসন ৩৫তম ওভারে ফিরে গেলেও বেইলি রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন ভারতীয় বোলারদের।
১১৪ বলে ১৫৬ রানের অতিমানবীয় ইনিংস খেলে এ বছর এক দিনের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ১ হাজার রানের মাইলফলক।
তখন কি আর জানতেন এমন ইনিংস ব্যর্থ হয়ে যাবে ধাওয়ান-কোহলিদের দাপটে!
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫০/৬ (হিউজ ১৩, ফিঞ্চ ২০, ওয়াটসন ১০২, বেইলি ১৫৬, ভোজেস ৪৪*; ভুবনেশ্বর ১/৪২, সামি ১/৬৬, জাদেজা ২/৬৮, অশ্বিন ২/৬৪)। ভারত: ৪৯.৩ ওভারে ৩৫১/৪ (রোহিত ৭৯, ধাওয়ান ১০০, কোহলি ১১৫*, রায়না ১৬, ধোনি ২৫*; জনসন ২/৭২, ফকনার ১/৭৩, ফিঞ্চ ১/২০)। ফল: ভারত ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।