চারজন বদলি!
৯০ মিনিটের খেলা শেষ। ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। খেলোয়াড়দের অনেকেরই শরীর চলছে না। নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম। একজন তো চোটেই আক্রান্ত। কোচের তখন মাথা কুটে মরার দশা, ইতিমধ্যে যে তিনজন বদলি নামিয়ে ফেলেছেন! হয়তো মনে মনে আক্ষেপ করছেন, ‘ইশ্, যদি আরেকজন নামানো যেত!’ কোচ-সমর্থকদের এই আক্ষেপের গল্পের অবসান হতে যাচ্ছে। ২০১৮ বিশ্বকাপ সামনে রেখে ফিফা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার পথে—খেলা ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বদলি খেলোয়াড় নামাতে পারবেন কোচ।
ফিফাই জেরার্ড হুলিয়ারের নেতৃত্বাধীন একটি কমিটিকে ফুটবলের আইনপ্রণয়নকারী প্যানেল ‘আইএফএবি’র কাছে এমন প্রস্তাব রাখতে বলেছে। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের হুলিয়ার বলেছেন, ‘মনে হয়, আমরা তাদের এই প্রস্তাব দিতে যাচ্ছি। এটা শুধু অতিরিক্ত সময়ে খেলা গড়ালেই কেবল কার্যকর হবে। সে সময়ও তো কেউ চোটে পড়তে পারে, তাহলে আরেকটা বদলি নামানোর সুযোগ কেন দেওয়া হবে না।’ সব ঠিকঠাক থাকলে ২০১৮ বিশ্বকাপেই শুরু হতে যাচ্ছে চারজন বদলি খেলোয়াড়ের যাত্রা।
তিনজন বদলি খেলোয়াড়ের সুযোগ থাকাতেই ব্রাজিল বিশ্বকাপে ‘সুপার সাব’রা যে ভেলকি দেখাচ্ছেন, রাশিয়া বিশ্বকাপ তো চমকের ডালি মেলে অপেক্ষা করছে তবে! ইয়াহু স্পোর্টস।