চারজনের চোট নিয়ে চিন্তিত নন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ-উল-হক। ফাইল ছবি
মিসবাহ-উল-হক। ফাইল ছবি

তৃতীয়বার এশিয়া কাপ জেতার হাতছানি। পাকিস্তান কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল জিততে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল। তবে তার আগে পাকিস্তান দলের দুঃসংবাদ, দলের গুরুত্বপূর্ণ চারজন খেলোয়াড় এ মুহূর্তে চোটাক্রান্ত।

দুই ওপেনার সারজিল খান ও আহমেদ শেহজাদ এবং পেসার উমর গুলের পর চোটের তালিকায় নতুন যাঁর নাম যুক্ত হয়েছে তিনি শহীদ আফ্রিদি। তবে খেলোয়াড়দের ইনজুরি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন বলে দাবি পাকিস্তান অধিনায়কের।

আফ্রিদির চোট নিয়ে মিসবাহ বলেন, ‘এ মুহূর্তে সে (আফ্রিদি) দারুণ খেলছে। প্রতিপক্ষ ও নিজের দলে সে যে ধরনের প্রভাব তৈরি করে, তাতে তার দলে খেলাই উচিত। এ ধরনের চোট খেলারই অংশ। এ ব্যাপারে আমরা খুবই ইতিবাচক। দেখি কাল সে কেমন বোধ করে। এরপর আমরা সিদ্ধান্ত নেব। দুর্দান্ত ফর্মে থাকা একজন ব্যাটসম্যান দলের জন্য অপরিহার্য। কিন্তু চোট খেলারই একটি অংশ। কেউ যদি চোটে পড়েই যায়, তখন তার জায়গায় বিকল্প খুঁজতে হবে আমাদের।’

শেষ দুই ম্যাচে বাংলাদেশ-ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে পাকিস্তান। সে কথাই জানালেন মিসবাহ, ‘বর্তমান প্রেক্ষাপটে যেকোনো পরিস্থিতি সামলাতে আমরা প্রস্তুত। ফাইনালের জন্য পরিকল্পনা তৈরি হয়ে গেছে। যেভাবে সর্বশেষ দুই ম্যাচ জিতেছি, তাতে দলের মনোবল বেশ চাঙা, আত্মবিশ্বাস রয়েছে চূড়াতে। আশা করি ইতিবাচক ও ভালো খেলাটাই চালিয়ে যাব। যদি ভালো ক্রিকেট খেলতে পারি, জয় আপনা আপনি ধরা দেবে।’

ফতুল্লায় এশিয়া কাপের প্রথম ম্যাচে শেষ দিকে লাসিথ মালিঙ্গার ঝড়ে ছত্রখান হয়েছে পাকিস্তান। ফাইনালে মালিঙ্গা-ঝড় ঠেকানোর উপায় কী? পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, মালিঙ্গাকে মোকাবিলা করতে প্রস্তুত তাঁর দল। তিনি বলেন, ‘সবাই জানে সে (মালিঙ্গা) তার দলের মূল বোলার। সম্প্রতি আবুধাবি, দুবাই ও শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলেছি। আমাদের দল তাকে ভালোভাবেই মোকাবিলা করেছে এবং তার বলে যথেষ্ট রান তুলেছে। এমনকি মালিঙ্গার ডেথ ওভারেও ভালো রান তুলেছে। তাকে মোকাবিলা করতে দলের আত্মবিশ্বাস যথেষ্ট রয়েছে। আমরা চাপে নেই।’

কেবল মালিঙ্গাই নয়, সাঙ্গাকারাকে নিয়েও ভাবতে হচ্ছে পাকিস্তানকে। মিসবাহ বলেন, ‘প্রতিপক্ষের মূল খেলোয়াড়কে নিয়ে অবশ্যই পরিকল্পনা থাকতে হয়। শুধু তা-ই নয়, প্রতিপক্ষের অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়েও পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করে ওই দিনের খেলার ওপর।’