চারে চার দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খুইয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে দলটি আছে বহাল তবিয়তেই। সিরিজ জিতে ভারতকে টপকে অস্ট্রেলিয়া দুইয়ে উঠে এলেও প্রোটিয়ারা আছে ধরাছোঁয়ার বাইরেই। ৬টি রেটিং পয়েন্ট খোয়ালেও অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১২ পয়েন্টে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও জয়জয়কার প্রোটিয়াদেরই। ব্যাটিংয়ে এবি ডি ভিলিয়ার্স ও বোলিংয়ে ডেল স্টেইন আগে থেকেই বিশ্বের এক নম্বর। এবার অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরেও উঠে এল এক দক্ষিণ আফ্রিকানের নাম। কিছুদিন আগে স্টেইনের কাছে বোলিংয়ের শীর্ষস্থান হারানো ভারনন ফিল্যান্ডারই এখন বিশ্বসেরা অলরাউন্ডার। কেপটাউনে ৩৭ ও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেই ভারতের রবিচন্দ্রন অশ্বিন (২য়) ও বাংলাদেশের সাকিব আল হাসানকে (৩য়) টপকেছেন ফিল্যান্ডার।
কেপটাউনে জোড়া সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা পঞ্চম স্থানে। ম্যাচে ৭ উইকেট নেওয়া অস্ট্রেলীয় পেসার রায়ান হ্যারিসও উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা অবস্থানে। ফিল্যান্ডার ও জনসনকে তিনে ও চারে ঠেলে দুইয়ে উঠেছেন হ্যারিস। আইসিসি বিজ্ঞপ্তি।