চারে চোখ শেখ রাসেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমে প্রথম তিনটি শিরোপাই ঘরে তুলেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ১৪-২৫ জুনের সুপার কাপটা জিতলে ইতিহাসে নাম লিখিয়ে ফেলবে দলটি। সেই ইতিহাসই গড়তে চান শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, ‘আমরা মৌসুমের শেষ ট্রফিটাও ঘরে নিতে চাই। এটা করতে পারলে ইতিহাসই গড়া হবে।’ 

টুর্নামেন্টটি শুরুর আগে অংশগ্রহণকারী আট দলকে নিয়ে ধারাবাহিক সংবাদ সম্মেলনে ডাকছে বাফুফে। কাল প্রথম দিনে শেখ রাসেল এল ১৪ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ফেনী সকারকে নিয়ে। মৌসুমের সফলতম দল রাসেলের ওপরই ছিল সব আলো।

তবে বিদেশি খেলোয়াড় যেহেতু এই টুর্নামেন্টে খেলতে পারবে না, তাই স্থানীয় খেলোয়াড়ের কাঁধে ভর দিয়েই সাফল্য পেতে হবে সব দলকে। রাসেলকে এবার প্রথমবারের মতো ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং লিগ জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বিদেশিরা। রক্ষণে পেতরিচ বোজান, আব্বাস ইনুসা, মাঝমাঠে তারিক আল জানাবি দারুণ খেলেছেন। তবে সবাইকে ছাপিয়ে বড় অবদান হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দের। এই খেলোয়াড়েরা না থাকায় সুপার কাপে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে নতুনভাবে সংগঠিত হয়েই খেলতে হবে রাসেলকে।

স্থানীয়দের মধ্যে আবার চোট-সমস্যা আছে। মিডফিল্ডার মামুনুল, আরেক ভরসা উইঙ্গার জাহিদ, ফরোয়ার্ড মিঠুন প্রথম ম্যাচটা না-ও খেলতে পারেন। স্ট্রাইকার এমিলি পারিবারিক সমস্যায় অনুশীলনের বাইরে, যদিও তিনি খেলবেন বলেই ক্লাবের আশা।

বিদেশিদের জায়গায় নতুন পাঁচজন স্থানীয় খেলোয়াড় নিয়েছে রাসেল—চট্টগ্রাম আবাহনীর শওকত, রহমতগঞ্জের রিমন, আরামবাগের সবুজ, মহাখালী একাদশের সাব্বির ও ভিক্টোরিয়ার রাব্বি। নতুন এই দলটাকে অবশ্য নিজের পুরোনো পরিকল্পনা অনুযায়ীই খেলাতে চান কোচ মারুফুল হক, ‘মৌসুমজুড়ে আমরা ৪-২-৩-১ অথবা ৪-৩-৩ পদ্ধতিতে খেলেছি। সুপার কাপেও সেভাবেই খেলব। স্থানীয়দের নিয়ে আশা করছি মৌসুমটা শেষ করব চতুর্থ ট্রফি জিতেই।’

মারুফ স্বস্তি পাচ্ছেন এই ভেবে, সব দলকেই স্থানীয় খেলোয়াড় নিয়ে খেলতে হবে। তবে রাসেলের জন্য একটু কি চাপও নয় সুপার কাপ? সোনায় মোড়ানো মৌসুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে মারুফ যেন প্রতিজ্ঞাবদ্ধ, ‘চাপ তো থাকবেই। তবে নিজেদের আরেকবার প্রমাণ করতে আমরা প্রস্তুত।’

ফেনী সকারের শিরোপা জয়ের উচ্চাভিলাষ নেই। দলটির কোচ-অধিনায়ক কেউ আসেননি কালকের সংবাদ সম্মেলনে। ক্লাবের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া জানান, ১৫ জন নতুন খেলোয়াড় নিয়ে তাঁর দল ‘ভালো কিছু’ করার লক্ষ্যেই মাঠে নামবে।