চারের লক্ষ্য বায়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত দল সামলানোর ঝক্কি নেই, নেই ডাগআউটের অন্তহীন চাপ। অনেক ফুটবল ক্লাবই ইয়ুপ হেইঙ্কেসকে পেতে চেয়েছিল, কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন সবাইকে। কিছুদিন ফুটবল থেকে দূরে থাকতে চান। বায়ার্ন মিউনিখকে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতিয়েছেন—জার্মান কাপ, বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ। জিততে পারেননি শুধু বিশ্ব ক্লাব কাপের শিরোপা। সাবেক বায়ার্ন কোচের একটু আফসোস থাকতেই পারে।
আজ থেকে শুরু হচ্ছে ক্লাবগুলোর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। ছয় মহাদেশের ছয় চ্যাম্পিয়ন ইউরোপের বায়ার্ন মিউনিখ (জার্মানি), দক্ষিণ আমেরিকার অ্যাটলেটিকো মিনেইরো (ব্রাজিল), এশিয়ার গুয়াংজু এভারগ্রান্দে (চীন), উত্তর আমেরিকার মনতেরেই (মেক্সিকো), আফ্রিকার আল আহলি (মিসর), ওশেনিয়ার অকল্যান্ড সিটি এফসির (নিউজিল্যান্ড) সঙ্গে খেলবে স্বাগতিক মরক্কোর রাজা ক্যাসাব্লাঙ্কা। বায়ার্ন যদি এই শিরোপা না জেতে তাহলে সেটা হবে অঘটনই। এই প্রতিযোগিতায় ক্লাবকে নিয়ে এসেছেন হেইঙ্কেস, আফসোস তো তিনি করতেই পারেন!
হেইঙ্কেসকে ভোলেননি তাঁর সাবেক ছাত্ররা। বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলারের কথাতেই, ‘এই প্রতিযোগিতা জিতলে সেটা হবে ত্রিমুকুটের সঙ্গে দারুণ আরেকটা অর্জন। সেটা করতে পারলে তাঁর (হেইঙ্কেসের) অবদানটাই হবে সবচেয়ে বেশি। আমাদের মরক্কোতে নিয়ে আসার জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাই।’
আজই অবশ্য বায়ার্নকে মাঠে দেখা যাবে না। বর্তমান ছকে আগে প্লে-অফ খেলবে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি ও মরক্কোর রাজা ক্যাসাব্লাঙ্কা। জয়ী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে যোগ দেবে মনতেরেই, আল আহলি ও গুয়াংজু। এখান থেকে শেষ চারে উঠবে দুটি দল। বায়ার্ন ও মিনেইরো সরাসরি খেলবে ছয় দিন পর শুরু সেমিফাইনালে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নকে দুটি ম্যাচ জিততে হবে। এই প্রতিযোগিতায় এবারই অভিষেক হচ্ছে বায়ার্নের!
বায়ার্ন অবশ্য এর আগে আন্তমহাদেশীয় প্রতিযোগিতায় খেলে ১৯৭৬ ও ২০০১ সালে শিরোপাও জিতেছে। তবে এই টুর্নামেন্টে খেলা হয়নি তাদের। বায়ার্নের মতো এবারই অভিষেক হবে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোরও। ইউরোপ বা লাতিন আমেরিকার বাইরের কোনো ক্লাব এখনো এই প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি। এবার কি নতুন কোনো চ্যাম্পিয়ন দেখবে বিশ্ব?
২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার হয়ে শিরোপা জেতা বায়ার্ন কোচ পেপ গার্দিওলাকে এবার হাতছানি দিচ্ছে অনন্য এক হ্যাটট্রিক। ওয়েবসাইট।