চার্লসের এবার সেঞ্চুরির স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক-ম্যাচ আলোচনা জুড়ে ছিল ক্রিস গেইল আর স্পিনে ইংলিশ ব্যাটসম্যানদের দুর্বলতা। জনসন চার্লস ও রবি রামপল নিশ্চিত করেই তাতে জায়গা পাননি। ইংল্যান্ডের টিম মিটিংয়েও সবচেয়ে কম আলোচনা হওয়ার কথা এই দুজনকে নিয়ে। আলোচনা আদৌ হয়েছিল কি? কিন্তু এই দুজনই পরশু সর্বনাশ করলেন ইংল্যান্ডের।ক্রিস গেইলের ব্যাট যথারীতি ছিল উন্মত্ত, পরে বল হাতেও যথেষ্ট যন্ত্রণা দিয়েছেন। ক্যারিবিয়ান স্পিনাররাও খারাপ করেননি। কিন্তু মূল পার্থক্য গড়ে দিয়েছেন চার্লস ও রামপলই। গেইলের সঙ্গে চার্লসের ব্যাটও অমন খ্যাপাটে হবে, কে ভাবতে পেরেছিল! ১১ ওভারে ১০৩ রানের উদ্বোধনী জুটির পর থামলেন গেইল। কিন্তু চার্লস দলকে টেনে নিলেন আরও অনেকটা দূর। ১৮০ রানের লক্ষ্যটা দুঃসাধ্য ছিল বটে, তবে অসম্ভব কিছু ছিল না ইংলিশদের জন্য। প্রায় অসম্ভব হয়ে গেল ইংল্যান্ড ইনিংসটা তিন বল পেরোতেই, বিনা রানেই ২ উইকেট তুলে নিলেন রবি রামপল! অ্যালেক্স হেলস ও এউইন মরগানের ৫৮ বলে ১০৭ রানের অসাধারণ জুটিও পারেনি ইংল্যান্ডকে জেতাতে। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথম জয়টা পেল ১৫ রানে।টি-টোয়েন্টিতে গেইলকে ছাপিয়ে যাওয়া সহজ নয়। চার্লস পরশু সেই দুঃসাধ্য কাজটা করতে পেরেছেন সফলভাবে। ৫৬ বলে ৮৪ রানের ইনিংসটা ২৩ বছর বয়সী ডানহাতিকে দিয়েছে ম্যাচসেরার সম্মান। সেন্ট লুসিয়ার ব্যাটসম্যান এতেও তৃপ্ত নন। স্বপ্ন দেখছেন আরও বড় কিছুর, ‘আমি এটাকে জীবনের সেরা ইনিংস বা মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংস হিসেবে দেখছি না। এটাই এখন পর্যন্ত আমার সর্বোচ্চ স্কোর, তবে অবশ্যই আমি আরও বড় কিছু করতে পারি। আশা করি, পরের ম্যাচে সেঞ্চুরি করব। আমি মোটেও ভাবছি না যে আজ রাতে (পরশু) দারুণ কিছু করে ফেলেছি। এমন ইনিংস আমি নিয়মিতই খেলতে চাই, দলকে শিরোপা জেতাতে চাই।’কণ্ঠে আত্মবিশ্বাসের কমতি নেই। পরশু ব্যাটিংয়ের শুরুটা কিন্তু আত্মবিশ্বাসী ছিল না। একপর্যায়ে রান ছিল ২৩ বলে ২০। পরে অবশ্য খেলেছেন চোখ-ধাঁধানো সব শট। জানালেন, গেইলের ব্যাটে ঝড় দেখেই শুরুতে তিনি একটু রয়েসয়ে খেলেছেন, ‘গেইলের সামর্থ্যটা সবারই জানা, জানা ও কী করতে পারে। ওর সঙ্গে ব্যাটিংয়ে নামলে কাজ হলো স্রেফ ওকে স্ট্রাইক দেওয়া আর বসে বসে দেখা, ব্যস! তবে গেইল যত জোরে মারতে পারে, আমিও তত জোরে মারতে পারি, তত দূরে পাঠাতে পারি। দ্রুত রান তুলতে পারি। সেটা দেখিয়েছিও।’এমনিতেই গেইলকে থামানোর উপায় ভেবে কোনো কূলকিনারা পাচ্ছে না দলগুলো। তাঁর সঙ্গে জুটলেন চার্লস। ওয়েস্ট ইন্ডিজকে থামানো এখন সত্যিই মুশকিল! ওয়েবসাইট।