চার্লিদের টেনশনের সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা যত না দেখছিলাম, তার চেয়ে বেশি দেখছিলাম দর্শকদের প্রতিক্রিয়া। গায়ানায় ইংল্যান্ডকে চেপে ধরেছে আয়ারল্যান্ড আর বারবাডোজের বারে ওদের মুখ শুকিয়ে আমসি! ‘ওরা’ ইংলিশ। সুপার এইটে ইংল্যান্ডের খেলা দেখতে বারবাডোজে এসে বসে আছে। গায়ানা অনেক দূর, তা ছাড়া গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড—ইংল্যান্ড তো সুপার এইটে উঠবেই। একেবারে বারবাডোজে যাওয়াই ভালো। ওরা তাই বারবাডোজে এসে অপেক্ষা করছে ইংল্যান্ডের।টাকাপয়সা থাকলে সব ইংরেজই শীতের সময় ক্যারিবিয়ানে আসার ছুতো খোঁজে। ওদের কাছে স্বর্গের আরেক নাম এই ক্যারিবিয়ান। লটারি জিতলে কী করবেন, প্রশ্ন করলে একটা উত্তর নাকি কমন থাকে—ক্যারিবিয়ানে ছুটি কাটাতে যাব। ক্যারিবিয়ানের এত সব দ্বীপের মধ্যে সবচেয়ে প্রিয় আবার এই বারবাডোজ। ‘লিটল ইংল্যান্ড’ সেই বারবাডোজে ছুটি কাটাতে এসে ইংল্যান্ডের খেলা দেখা—জীবনে আর কী চাই!কিন্তু ইংল্যান্ডই যদি না থাকে! এই টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কটি ম্যাচে মাঠে ছিলাম, এর বাইরে আর কোনো খেলা দেখা হয়নি। সেন্ট লুসিয়ায় যে হোটেলে ছিলাম, টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ নেই। বাংলাদেশ ও ভারত যে হোটেলে ছিল, সেটিতেও না। বারবাডোজের হোটেলেও একই ঘটনা। রুমের টিভিতে মাত্র ৫-৬টা চ্যানেলে কী সব ছাইপাশ দেখাচ্ছে। মঙ্গলবার সকালে লেখা-টেখা শেষ করে হোটেলের রিসেপশনে গিয়ে দেখি, পাশেই চারদিক খোলা বারের বড় পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ দেখতে ভিড় জমিয়েছে ইংলিশরা। যত না খেলা দেখতে, তার চেয়ে বেশি ওদের কাণ্ডকীর্তি দেখতেই বসে গেলাম আমিও। লিওনেল মেসিকে দেখার আকর্ষণও একটা কারণ। পেছনে ছোট একটা টিভিতে বার্সেলোনা-টেনেরিফে ম্যাচ দেখাচ্ছে। সেদিকে আর কারও ভ্রুক্ষেপও নেই। ইংল্যান্ড যদি বাদ পড়ে যায়—সেই টেনশনেই কাঁপছে সবাই।ইংল্যান্ডের ইনিংসে উইকেট পড়ে, রান হয় না—আর ওদের টেনশন বাড়ে। আমার পাশে বসে একজন একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে। ‘কী, টেনশন হচ্ছে?’ ‘আর বোলো না। ইংল্যান্ড সুপার এইটে উঠতে না পারলে পুরো ছুটিটাই মাটি!’ বয়স ৬১, ঋজু শরীরের কারণে তা বোঝার উপায় নেই। এই বয়সেও সাপ্তাহিক ছুটিতে নিয়মিত ক্রিকেট খেলেন। বারবাডোজে এর আগেও বেশ কবার এসেছেন। সব বারই খুব ভালো লেগেছে, তবে এবারের মতো আর নয়। ‘এবার ইংল্যান্ডে যে শীত পড়েছিল, অনেক বছর এমন পড়েনি। তুষারপাত, বৃষ্টি, দিনের পর দিন অন্ধকার—এখানে এলে আফসোস লাগে, ইংল্যান্ডের আবহাওয়াও যদি এমন হতো!’ বলতে বলতে চার্লি মুখ দিয়ে আফসোসসূচক শব্দ করেন।উপমহাদেশে কোনো দিন যাওয়া হয়নি। তবে পেশায় নার্স চার্লির স্ত্রী কী একটা কোর্স করাতে বাংলাদেশ ঘুরে এসেছেন। স্ত্রীর কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে পাওয়া ধারণা থেকে অনুমান করলেন, এমন রোদ-কীর্তন আমার কাছে আদিখ্যেতা বলে মনে হতে পারে। এ কারণেই বললেন, ‘জানি, তোমার কাছে এটা কোনো ব্যাপার নয়। তোমাদের ওখানে বছরের বেশির ভাগ দিনই নাকি রোদ থাকে।’ইংল্যান্ড মাত্র ১২০ রান করার পর চার্লির টেনশন আরও বাড়ে। বুকে-পিঠে বার্মি আর্মি লেখা টি-শার্ট গায়ে কুস্তিগীরের মতো বিশাল শরীরের আরেক বুড়ো তো টেবিলে একটা ঘুষিই বসিয়ে দেন। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর শুরু হলো অস্থির পায়চারি। খেলা পরিত্যক্ত হয়ে গেলে ইংল্যান্ড উঠে যাবে। কিন্তু বৃষ্টি একটু বিরতি দিলেই তো সর্বনাশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯১ করেও এভাবেই হারতে হয়েছে। এখানে তো আয়ারল্যান্ডের টার্গেট একেবারেই সহজ হবে।শেষ পর্যন্ত ইংল্যান্ড পার পেয়ে গেল। বৃষ্টিরও শোধবোধ হয়ে গেল। ১৯১ করেও বৃষ্টির কারণে পরাজয়, ১২০ করার পরও বৃষ্টিই বাঁচাল সম্ভাব্য পরাজয়। দুয়ে কাটাকাটি। চার্লিদের আনন্দ দেখে আইরিশদের জন্য আর মন খারাপ করার অবকাশ পেলাম না। সারা জীবনই আন্ডারডগদের প্রতি বাড়তি মমতা বোধ করে এসেছি। কিন্তু চার্লিদের কারণে মনে হলো, এটাই ভালো হয়েছে। ইংল্যান্ড আউট হয়ে গেলে এই বিশ্বকাপ একটু রং হারিয়ে ফেলত।বারবাডোজ, ৫ মে