চায়না ওপেনেও নেই সেরেনা
গত জুলাইয়ে মিউনিখে এক রেস্টুরেন্টে ভাঙা কাচ দিয়ে ডান পা কেটে গিয়েছিল সেরেনার। কয়েক দিন পরই কাটা পায়ে অস্ত্রোপচার করা হয়। দুই মাসের বেশি সময় কেটে গেলেও সেই ক্ষত এখনো সেরে ওঠেনি। ইউএস ওপেনে খেলার স্বপ্ন বুকে চেপে মাঝে তিনটি প্রতিযোগিতা মিস করেছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় এই প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মেয়েদের টেনিসে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এ খেলোয়াড়। ইউএস ওপেন শেষ, কিন্তু দুর্ভোগ শেষ হয়নি তাঁর। আগামী মাসে অনুষ্ঠেয় চায়না ওপেন থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস।বেইজিংয়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় খেলছেন না জানিয়ে সেরেনা বলেন, ‘আমি আমার চোট কাটিয়ে উঠার চেষ্টা করছি। এখনো লড়াই করার মতো প্রস্তুত নই আমি। আশা করছি, পরবর্তী মৌসুমে মাঠে নামতে পারব।’ইউএস ওপেনের মাধ্যমেই প্রথম গ্র্যান্ড স্লামের দেখা পেয়েছিলেন সেরেনা ১৯৯৯ সালে। এ প্রতিযোগিতার প্রতি তাই একটু আবেগও তাঁর মধ্যে কাজ করে। এ পর্যন্ত ১৩টি গ্র্যান্ড স্লাম জয় করেছেন, এর মধ্যে ইউএস ওপেন থেকে রয়েছে তিনটি। সর্বশেষ জিতেছেন ২০০৮ সালে। গতবার খেলেছেন সেমিফাইনাল পর্যন্ত। এবার স্বপ্ন ছিল, না পাওয়ার বেদনা পূরণের। কিন্তু সে স্বপ্ন পূরণের চেষ্টা করার সুযোগটাও পাননি যুক্তরাষ্ট্রের এই তারকা। বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় খেলতে না পারার দুঃখ এখনো ভুলতে পারছেন না সেরেনা। তিনি বলছেন, ‘ইউএস ওপেনে খেলতে না পারা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিপর্যয়কর মুহূর্ত।’—বিবিসি