চিং শিং থেকে চিও চিও
‘চিং শিং চুং হুয়াং’—চীনা বাক্যের বাংলা অর্থ, ‘খেলার মাধ্যমে আমাদের দেশকে শক্তিশালী রূপে গড়ে তোলো।’১৯৯০ বেইজিং এশিয়ান গেমসে এটি ছিল চীনের স্লোগান। ২০ বছর পর সেই স্লোগান পাল্টে হয়েছে, ‘চিও...চিও।’ এটা উল্লাসের স্লোগান। গুয়াংজুর সর্বত্র এখন স্লোগান। কাল দুপুরে ওটিসি শ্যুটিং কমপ্লেক্সে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শেষ হওয়া মাত্রই চীনা শিবিরে ওটিরই অনুরণন। ‘চীন দীর্ঘজীবী হও’—এমন আশীর্বাদও ছড়িয়ে পড়ল।চীনে ইংরেজি জানা মানুষ অমাবস্যার চাঁদ। লাখে এমন একজন পাওয়াও দুষ্কর যিনি ইংরেজিতে ‘হাই’, ‘হ্যালো’ শব্দ দুটোর মর্মার্থ বোঝেন। বুঝলেও অনেক সময় কাগজে এঁকে দেখাতে হয়। উত্তর বললে দক্ষিণ বোঝেন!স্থানীয় জিং জাং পত্রিকার সাংবাদিক লুই চোকে অবশ্য ‘ইয়েস’, ‘নো’ ‘ভেরি গুড’ জাতীয় ইংরেজি জানা এক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বোঝানো গেল যে, ক্রীড়াক্ষেত্রে চীনের রকেটগতিতে এগিয়ে চলা এবং সবার শীর্ষে ওঠার রহস্যটা জানতে চাওয়া হচ্ছে তাঁর কাছে।‘একটা সময় আমরা সব দিক থেকেই দুর্বল ছিলাম। চীনের মানুষ ভাবল, খেলাধুলা হতে পারে আমাদের অগ্রগতির অন্যতম সোপান। খেলাধুলায় আমরা চীনকে বিশ্বের দরবারে সম্মানের আসনে বসাতে চেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের ক্রীড়াজগৎ নিয়ে গর্ব করা যায়। আমি অভিভূত’—লুইয়ের কথার সারমর্ম এমনই।এশিয়ান গেমসের শুরুতেই সোনা শিকারের অগ্রবর্তী দল চীন। আরেকটি সাফল্যের গল্পই রচিত হতে চলেছে। এই গল্পের পাণ্ডুলিপি রচয়িতা সমাজতন্ত্রের অনুসারী চীনা সরকার। ক্রীড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যেসব সরকার, চীন থাকবে তালিকার শীর্ষেই। এশিয়ান গেমস সাংগঠনিক কমিটির উপসাধারণ সম্পাদক, গুয়াংজুর ভাইস মেয়র জু রুশেং বলছিলেন, ‘আমাদের সরকারের একটা ক্রীড়ানীতি আছে। তা ছাড়া পেশাদারি আছে সবখানে। শীর্ষ ও সম্ভাবনাময় অ্যাথলেটদের বিশেষ গুরুত্ব দিয়ে সারা বছর প্রশিক্ষণ চলে। টাকা দেয় সরকার। খেলোয়াড়দের ভরণপোষণের দায়িত্বও সরকার নিয়েছে। ভালো কিছু করলেই বড় আর্থিক পুরষ্কার। সুষ্ঠু ব্যবস্থাপনাই আমাদের এগিয়ে নিচ্ছে।’‘অউ ইয়ন চুন’ নামে একটা ‘অলিম্পিক গাইড লাইন’ অনেক অগেই তৈরি করেছে চীন। অলিম্পিকে ভালো করার ওই ব্যবস্থাপত্র কতটা কাজে এসেছে, তার প্রমাণ ২০০৮ বেইজিং অলিম্পিক। প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের চেয়ে ১৫টি সোনা (মোট ৫১টি সোনা) বেশি জিতে ঘরের অলিম্পিকে সেরা চীন। এশিয়ান গেমস তো অনেক বছর ধরেই এই দেশের হাতের মোয়া। গত দোহা এশিয়াডে চীনের সোনা-রুপা ও ব্রোঞ্জ জয়ের খতিয়ানটা দেখুন, ১৬৫-৮৮-৬৩! দ্বিতীয় হওয়া দক্ষিণ কোরিয়া ৫৮-৫৩-৮২। পরিসংখ্যনই বলছে, চীন এখন ধরাছোঁয়ার বাইরে!কীভাবে এটা সম্ভব হলো? এশিয়ান গেমসে চীনের উপ-মহাব্যবস্থাপক ডু জিন বললেন, ‘জন্মগতভাবেই চীনারা প্রতিভাবান, এর সঙ্গে চলে কঠোর পরিশ্রম। কিশোর প্রতিভা খুঁজে আমরা দীর্ঘ মেয়াদে কার্যকর প্রশিক্ষণ দিই। ওই কিশোরদের অনেকেই বিশ্বমানের অ্যাথলেট হয়ে বেরোয়।’বড় উদাহরণ—লিউ শিয়াং। সাবেক অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন হার্ডলার চীনের সবচেয়ে বড় ক্রীড়াতারকা এখন। ডাইভিংয়ে বিশ্বসেরা কো জিন জিন আছেন এরপর। বাস্কেটবল খেলোয়াড় ইয়ো মিনও স্বদেশে পেয়েছেন বড় তারকার খ্যাতি (ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবল, জিমন্যাস্টিকস দেশে দর্শকপ্রিয়তায় শীর্ষে)। নামগুলো বড় নয়, বিশ্বে সাড়া ফেলার মতো শীর্ষ ক্রীড়াতারকা তৈরির চেয়ে সব খেলাকেই যে সমান প্রাধান্য দিচ্ছে চীন। তাই তাদের এত সাফল্য। সাধারণ চীনারা খেলাধুলায় আসছে জোয়ারের স্রোতের মতো। চিকিৎসক, প্রকৌশলী হওয়ার জন্য ছোটে না এ দেশের তরুণ-তরুণীরা। ‘খেলাধুলার চেয়ে ভবিষ্যৎ গড়ার আর বড় কোনো মাধ্যম নেই এখন চীনে’—বললেন সাংহাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উ নি জাং। এই গেমসে স্বেচ্ছাসেবীর কাজ করতে আসা ২১ বছরের তরুণ খেলাধুলার খোঁজখবর ভালোই রাখেন।আয়োজক কমিটির কর্মকর্তা জু লি জাইর মুখে ভিন্ন একটা তথ্য, ‘লিও’র এখন শুধু ব্যাংক-ব্যালান্স ২ মিলিয়ন আরএমবি (চীনা মুদ্রার সংক্ষিপ্ত নাম)। বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা। খুব বেশি নয়, তবে চীনের একজন অ্যাথলেটের জন্য এটিকে অনেক মনে করেন মাঝবয়সী ভদ্রলোক।গুয়াংজু গেমস আয়োজন করতে এখানকার জনগণের ওপর সরকার কিছু কর বসিয়েছিল। মানুষ হাসিমুখেই তা দিয়েছে। এটা জনতার বিনিয়োগ। চিং শিং স্লোগান ছেড়ে ‘চিও চিও’ উল্লাস করার অধিকার তাই এই জনতারই!