চিকিত্সার জন্য অস্ট্রেলিয়ায় যাবেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির মেডিকেল কমিটির দেওয়া ব্যবস্থাপত্রে কাজ হয়নি। ডান পায়ের শিনবোনের চিকিত্সার জন্য সাকিব আল হাসানকে তাই বিদেশে যেতেই হচ্ছে। গতকাল মেডিকেল কমিটিও সেই সুপারিশই করেছে। এখন অপেক্ষা বিশেষজ্ঞ চিকিত্সকের অ্যাপয়েন্টমেন্ট ও ভিসার। এ দুটি নিশ্চিত হয়ে গেলেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন জাতীয় দলের এই অলরাউন্ডার।বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের উপব্যবস্থাপক শরিফুল ইসলাম জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় সাকিব কোন ডাক্তার দেখাবেন, কবে দেখাবেন, বিসিবির চিকিত্সকেরা এখন এসব বিষয়ে নিশ্চিত হবেন। একই সঙ্গে ভিসা নেওয়ার প্রক্রিয়াও চলবে। এসব হয়ে গেলে যত দ্রুত সম্ভব সাকিবকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।’সব হয়ে গেলে বিপিএল চলাকালেও সাকিব দেশ ছাড়তে পারেন। বিপিএলের ফাইনাল ১৯ ফেব্রুয়ারি। চিকিত্সকের অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা-প্রক্রিয়া শেষ হতে হতে বিপিএল শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।অস্ট্রেলিয়ায় যাওয়ার সিদ্ধান্তে আসন্ন শ্রীলঙ্কা সফরে সাকিব এখন অনিশ্চিত। প্রধান নির্বাচক আকরাম খানও সে আভাস দিলেন, ‘ও (সাকিব) কবে খেলায় ফিরতে পারবে, সেটা বোঝা যাবে সেখানে তার কী রকম চিকিত্সা হয় এবং চিকিত্সার পর বিশ্রামটা কত দিনের হয়, তার ওপর। শ্রীলঙ্কা সফরে যাওয়াটা তো একটু অনিশ্চিতই। তবে আমরা সুস্থ সাকিবকেই আগে চাই। সুস্থ হওয়ার পর সামনে যে খেলা থাকবে, সেটাই সে খেলবে।’