চিকিৎসা দিতে গিয়ে আহত চিকিৎসকই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিজিওকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন ফিলিপ লাম ও মিরোস্লাভ ক্লোসা
ফিজিওকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন ফিলিপ লাম ও মিরোস্লাভ ক্লোসা

আঘাত পেয়ে ব্যথায় কাতরাচ্ছেন আর অপেক্ষা করছেন চিকিত্সকের জন্য। এমন সময় যদি খবর পান, আপনাকে চিকিত্সা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন খোদ চিকিত্সকই! তাহলে কেমন লাগতে পারে? এমন ঘটনা যে সচরাচর ঘটে না—এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। কিন্তু গত পরশু এই ব্যতিক্রমী ঘটনাটাই ঘটেছে জার্মানি-অস্ট্রিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।
জার্মান ডিফেন্ডার মার্সেল সামেলজারকে চিকিত্সা দেওয়ার জন্য মাঠে যাচ্ছিলেন ফিজিও ক্লস এডার। বেশি জোরে দৌড়াতে গিয়েই বাঁ পায়ের পেশিতে আঘাত পান এই ৬০ বছর বয়সী। পড়ে গিয়ে ভেঙেছেন হাতের একটা আঙুলও। তখন এই চিকিত্সককে নিয়েই ব্যস্ত হতে হয়েছে সবাইকে। পরে জার্মান ফেডারেশনের ওয়েবসাইটে এডার বলেছেন, ‘আমি সব সময় আমার রোগীদের যে পরামর্শগুলো দিয়েছি, সেগুলো এখন নিজের ক্ষেত্রেই প্রয়োগ করতে হচ্ছে।’ তবে আঘাত পাওয়ার পর জার্মানির খেলোয়াড়েরা যেভাবে সহযোগিতা করেছেন, তাতে মুগ্ধতাই প্রকাশ করেছেন এডার, ‘খেলোয়াড়দের আচরণটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। ফিলিপ লাম আমাকে বরফের ব্যাগ এনে দিয়েছে। মেসুত ওজিল আর মিরোস্লাভ ক্লোসা আমাকে ধরে ধরে নিয়ে গেছে মাঠের বাইরে।’

আর করবেন না-ইবা কেন? দীর্ঘ ২৫ বছর ধরে জার্মান জাতীয় দলের ফুটবলারদের শারীরিক ফিটনেস ধরে রাখার দায়িত্বটা সফলতার সঙ্গেই পালন করছেন এডার। প্রিয় ফিজিওর এমন দুর্ঘটনায় কি তাঁরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন! সূত্র: গার্ডিয়ান।