চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গাজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে একটা যুদ্ধেই নামলেন পল গ্যাসকোয়েন। মদের নেশা থেকে মুক্তি পেতে প্রাণপণ এই শেষ লড়াই। সাবেক ইংলিশ মিডফিল্ডারকে যুক্তরাষ্ট্রের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেই ক্লিনিকের নাম না বলা হলেও ‘গাজ্জা’র এজেন্ট নিশ্চিত করেছেন এই খবর।গত সপ্তাহে ইংল্যান্ডে হয়ে যাওয়া একটি দাতব্য অনুষ্ঠানে গ্যাসকোয়েনের শোচনীয় অবস্থা আরও একবার তাঁর ভক্তদের সামনে ধরা পড়ে। নেশার ঘোরে টলায়মান গাজ্জা সেখানে নিজের করুণ পরিণতির কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন। এরপর তাঁর এজেন্ট একরকম আকুল আহ্বান জানান, গাজ্জাকে বাঁচাতে এগিয়ে না এলে হয়তো অকালমৃত্যুই হবে একসময়ের অসাধারণ প্রতিভাবান এই ইংলিশ ফুটবলারের। সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে আসেন। সবার সম্মিলিত চেষ্টাতেই যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।গাজ্জার এজেন্ট প্রতিষ্ঠান গেমপ্ল্যান সলিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অ্যালকোহলের নেশায় আক্রান্ত পল গ্যাসকোয়েন গত কিছুদিনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি সাহায্য প্রার্থনা করছিলেন। অবশেষে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। গত কয়েক দিনে সবার সাহায্য এবং সমর্থনে পল আবেগাক্রান্ত, উদ্বেলিত। মদের নেশা থেকে তিনি মুক্তি পেতে চান।’ এএফপি।