চিগুম্বুরার ব্যাটে জিতল সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে চিটাগাং কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারতে হারতেও নাটকীয়ভাবে ২ রানের জয় পেয়েছিল দুরন্ত রাজশাহী। কিন্তু আজ সিলেট রয়্যালসের বিপক্ষে যেন ঘটলো ঠিক উল্টো ঘটনা। অনেকটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখলেও শেষমুহূর্তের নাটকীয়তায় হার নিয়েই মাঠ ছাড়তে হলো তামিমের দুরন্ত রাজশাহীকে। ৮০ রানে ছয় উইকেট হারানোর পর ৭০ রানের ঝড়ো এক জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন এলটন চিগুম্বুরা ও নাজমুল হোসেন। ৪ উইকেটের জয় পেয়েছে সিলেট রয়্যালস। ২১ বলে ৪৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন চিগুম্বুরা। নাজমুলের ব্যাট থেকে এসেছে ৩৩ রান।১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি সিলেট। প্রথম ওভারে স্কোরবোর্ডে কোন রান যোগ না হতেই ফিরে যান ওপেনার মমিনুল হক। পঞ্চম ওভারে ৩০ রানের মাথায় আরেক ওপেনার পল স্টার্লিংও সাজঘরের পথ ধরলে খানিকটা চাপের মুখেই পড়ে যায় সিলেট রয়্যালস। এরপর টানা দুই ওভারে অধিনায়ক মুশফিকুর রহিম ও মোহাম্মদ নাবির উইকেট তুলে নিয়ে রাজশাহীকে চালকের আসনে বসান তাজিউল ইসলাম। ২২ রান করে ফিরে যান মুশফিক। অল্প সময়ের ব্যবধানে সোহরাওয়ার্দী শুভ ও হ্যামিল্টন মাসাকাদজাও সাজঘরমুখী হলে শক্ত অবস্থানে চলে যায় দুরন্ত রাজশাহী। সেসময় ১৩.৩ ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়িয়েছিল ৬ উইকেট হারিয়ে ৮০ রান। হয়তো হার নিশ্চিতই ধরে নিয়েছিলেন সিলেটের সমর্থকরা। কিন্তু এই বিপর্যয়পূর্ণ পরিস্থিতির মধ্যে চমত্কারভাবে ঘুরে দাঁড়ান চিগুম্বুরা ও নাজমুল হোসেন। সপ্তম উইকেট জুটিতে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে দারুন এক জয় এনে দেন এই দুই ব্যাটসম্যান। এই ৭০ রান তাঁরা করেছেন মাত্র ৩৪ বলে।